খুলনাঞ্চল রিপোর্ট।।
পেড়লী খেয়াঘাটে নৌকার মাঝি ছিলেন ৪৫ বছর বয়সী মিজানুর ভূঁইয়া। নৌকা চালিয়ে চারজনের সংসার ভালোই চলছিল। এলাকার একটি হত্যাকাণ্ডের ঘটনায় আসামি না হলেও ভূঁইয়া বংশের লোক হওয়ায় তিনি বাড়িছাড়া। কালিয়া-ভোমবাগ সড়কে ভ্যান চালাচ্ছেন তিনি। কালিয়ায় থাকেন অন্যের বাড়িতে।
একই গ্রামের ৬০ বছর বয়সী টুকু মোল্যা এক সময় অন্যের ঘেরে মাছ ধরে, কৃষি শ্রমিকের কাজ করে বা শাকসবজি বিক্রি করে সংসার চালাতেন। তবে মোল্যা বংশের হওয়ায় তিনিও এখন বাড়িছাড়া।
একই কারণে ৭০ বছর বয়সী কৃষক সগীর মোল্যাকে শুধু ভিটাছাড়া করা হয়নি, তিনটি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর কয়েক একর জমি অনাবাদি পড়ে আছে। ৯ মাস ধরে পরিবার নিয়ে কালিয়ায় আত্মীয়ের বাড়িতে থাকছেন। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে যুবলীগ কর্মী আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকশ মানুষ এভাবে প্রায় ৯ মাস বাড়িছাড়া। আসামিরা জামিন নিয়েও ঘরে ফিরতে পারছেন না। আত্মীয়স্বজনের বাড়ি থাকছেন।
আসামিপক্ষ ও তাদের বংশের সদস্যদের অভিযোগ, অন্তত দেড়শ বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ৩৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কয়েকশ বিঘা কৃষিজমি অনাবাদি পড়ে আছে। ১৫ এপ্রিল ভিটাছাড়া শতাধিক মানুষ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ করেছেন। তারা বাড়িঘরে ফেরার আকুতি জানিয়ে আবেদনও দিয়েছেন।
জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই যুবলীগ কর্মী আজাদ শেখ (৩০) খুলনায় কর্মসূচি পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথে পেড়লী বাজারের কাছে প্রতিপক্ষ তাঁকে খুন করে। তিনি গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু, শেখ নজরুল ইসলাম এবং দলটির নেতা লাবলু ভূঁইয়া ও শহীদুল মোল্যা গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে বাবু গ্রুপের আজাদ খুন হন।
এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন আজাদের ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখ। মামলার ছয় আসামি বাদে সবাই জামিনে রয়েছেন। সাজ্জাদ শেখের অভিযোগ, আসামিরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।
পেড়লী গ্রামের খালপাড় মোল্যাবাড়ি ও ভূঁইয়াপাড়ায় গিয়ে দেখা যায়, জনশূন্য রাস্তা। বাড়িঘরে নেই শিশু-কিশোরদের হৈহুল্লোড় বা নারী-পুরুষের কর্মব্যস্ততা। রাস্তার পাশে অধিকাংশ বাড়ির কোনো চিহ্ন নেই। ইটের দেয়াল ও টিনের বেড়া ভেঙে দেওয়া হয়েছে। উঠানে জন্মেছে আগাছা। শহীদুল, আলমগীর, মফিজুর, সগীর, রেজাউল, জাহাঙ্গীর, রাসেলসহ মোল্যা বংশের ৩০টি পরিবার এবং পশ্চিমপাড়া ভূঁইয়া বংশের কাউসার, আসাদ, নিছারসহ ২০টি পরিবারের দেড়শ বসতঘর, রান্নাঘর ও গোয়াল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
গ্রামের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চান না কেউ। তবে প্রবীণ ভ্যানচালক কবীর মিয়া (৬৬) বললেন, ‘এভাবে কেউ ভাঙচুর-লুটপাট করে? এদের সন্তান ও বাড়ির বউরা যেভাবে পথে-পথে ঘুরে বেড়াচ্ছে, তা সহ্য করা যায় না। এ ধরনের ভাঙচুর ও লুটপাট আল্লাহও সহ্য করবেন না। এখন গাছপালাও কেটে নেওয়া হচ্ছে।’ কৃষক তৌহিদ শেখের ভাষ্য, ‘যে রাতে আগুনে ঘরবাড়ি পোড়াচ্ছিল, সেদিন মনে হচ্ছিল, আমাদের ঘরবাড়িও পুড়ে যাবে।’
এদিকে হত্যা মামলার বাদী যুবলীগ নেতা সাজ্জাদ শেখ গত বৃহস্পতিবার পেড়লী বাজারে সংবাদ সম্মেলন করেন। তাঁর অভিযোগ, আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অপবাদ দিচ্ছে। তাঁর ভাই হত্যার আসামিরা চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের অত্যাচার ও অন্যায়ের প্রতিবাদ করায় ২০১৭ সালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পেড়লী গ্রামের মোফাজ্জেল হোসেন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বদরুল ইসলাম খুন হন। তারাই আজাদকে হত্যা করেছে।
আর নিহত আজাদের বড় ভাই উজ্জল শেখের ভাষ্য, ‘গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ভাঙচুরের মতো কিছু কাজ করতে পারে। নিরীহ ব্যক্তি হত্যার চেয়ে বাড়িঘর বড়? তারা আমার ভাইকে ফিরিয়ে দিক, আমি তাদের বাড়িঘর তৈরি করে দেব।’
হত্যা মামলার ১ নম্বর আসামি শহীদুল মোল্যা ঘটনার সময় বাড়িতে ছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে কয়েকজন জড়িত থাকলেও মোল্যা ও ভূঁইয়া বংশের সবাইকে বাড়িছাড়া করা হয়েছে। ৯ মাসে তারা প্রায় ৩০০ বিঘা জমি চাষাবাদ করতে পারেননি। ২০০ পরিবারের অন্তত ৬০০ মানুষ বাড়িছাড়া। ৫০টি পরিবারের দেড়শ বসতঘর, রান্নাঘর ও গোয়াল ভাঙচুর, আসবাবপত্র, টাকা, স্বর্ণ, গরু, ছাগল, ঘেরের মাছসহ বিভিন্ন সামগ্রী লুট করেছে। ৩৫-৪০টি বাড়ি আগুনে পুড়িয়েছে। এখন গাছগাছালি কাটছে। সন্তানদের লেখাপড়া বন্ধ। তারা যাতে বাড়িতে উঠতে না পারেন, সেজন্য হুমকি-ধমকি দেওয়ার মিথ্যা অপবাদ দিচ্ছে।
যদিও গ্রামের প্রায় ২০০ মানুষ বাড়িছাড়া বলে জানিয়েছেন পেড়লী ইউপি চেয়ারম্যান জারজীদ মোল্যা। তিনি বলেন, তারা চাষাবাদও করতে পারছেন না। কীভাবে তাদের বাড়িতে তুলে দেওয়া যায়, সে ব্যাপারে পুলিশর সুপারের সঙ্গে কথা হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, নড়াইলের দীর্ঘদিনের প্রথা ‘ট্র্যাডিশন’ হলো আসামিপক্ষের বাড়িঘর ভাঙচুর করা। মামলা চলছে, বিচারক যে রায় দেবেন, তা চূড়ান্ত। কিন্তু জামিনে থাকা আসামিরা বাড়ি ঢুকতে পারবেন না, এটা মেনে নেওয়া যাবে না। তাদের বাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।











































