Home আঞ্চলিক খুলনায় ২৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

খুলনায় ২৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

60


স্টাফ রিপোর্টার।।

খুলনায় আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। গত ১৩ এপ্রিল থেকে অর্থাৎ, ১২ দিন ধরে তীব্র তাপদাহ চলছে। অসহনীয় গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, আজ বৃহস্পতিবার খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। গত বছর ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, খুলনায় তীব্র তাপপ্রবাহ চলছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে তীব্র গরমে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড রোদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজ করতে গিয়ে ঘেমে যাচ্ছেন। রিকশা চালকসহ ভারি কাজ করা লোকজন গরমে হাপিয়ে উঠছেন। যারা রোদের মধ্যে কাজ করছেন, তাদের গলা শুকিয়ে যাচ্ছে। নগরীর মোড়ে মোড়ে শরবত বিক্রি হচ্ছে। রোদ থেকে বাঁচতে লোকজন অনেকে ছাতা নিয়ে বাইরে বের হচ্ছেন। তেমন একটা বাতাস না থাকায় গরম আরও বেশি লাগছে।

দুপুর ৩টার দিকে রাস্তায় লোকজন চলাচল কমে যাচ্ছে। গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়ছেন। বিশেষ করে ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। এছাড়া গরমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক স্থানে নলকূপ ও পাম্পে ঠিকমতো পানি উঠছে না।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ বলেন, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়া, জলাশয় ভরাট করা ও গাছপালা কেটে স্থাপনা গড়ে তোলাই প্রধানত গরম বৃদ্ধির জন্য দায়ী। এছাড়া লবণাক্ততা বৃদ্ধির ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি।

এদিকে গত বছর এপ্রিলে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হলেও এ বছর চলতি মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৭ মিলিমিটার। গত বছর তাপদাহের স্থায়ীত্বকাল ছিল এক সপ্তাহ। আর এবার ১২ দিন ধরে চলছে তীব্র তাপদাহ। বিগত বছরগুলোতে তাপমাত্রা বাড়লেও কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ায় তাপদাহের স্থায়ীত্বকাল কম ছিল। চলতি এপ্রিল মাসে বৃষ্টি কম হওয়ায় গরমের প্রভাব বেশি।