স্টাফ রিপোর্টার||
খুলনার রূপসা উপজেলার একটি পাটকলে লাগা আগুন বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জাবুসা এলাকার সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ফায়ার ইউনিটও। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাটকলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। শুকনা পাট হওয়ায় দ্রুত আগুন কারখানায় সবখানে ছড়িয়ে পড়ে। এ জন্য আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় পাটকলে মজুত থাকা বিপুল পাট পুড়ে গেছে। মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সূত্রে জানা গেছে, পাটকলে প্রচুর পরিমাণে পাট মজুত ছিল। বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত ছিল বিপুল পরিমাণ পাট। দু-এক দিনের মধ্যে মোংলা বন্দর দিয়ে সেগুলো রপ্তানির কথা ছিল। এর আগেই আজ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মো. আজাদ রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আসরের নামাজ পড়ে বের হয়ে দেখতে পান, পাটকল থেকে ধোঁয়া বের হচ্ছে। মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন দৌড়ে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে পাটকলের বাইরে থেকে আগুনের কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। একই সঙ্গে স্থানীয়ভাবেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। হাইওয়ের পাশে হওয়ায় প্রথম দিকে পানি পাওয়া কিছুটা সমস্যা হয়েছিল।
সূত্রটি জানায়, বিকেলে প্রথমে রূপসা ও পরে টুটপাড়া ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন ছড়িয়ে পড়লে খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটার ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এ ছাড়া নৌবাহিনীর ফায়ার ইউনিটও যোগ দেয়। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত সাড়ে নয়টায় খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে যেহেতু পাটের আগুন লেগেছে, সেহেতু পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সামনে ও পেছনে দুটি গুদাম তাঁরা রক্ষা করতে পেরেছেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান রাত সাড়ে ১০টায় বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ রয়েছে।
আমাদের রূপসা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানিয়েছেন, শুকনো পাট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হচ্ছে। একটি সূতা ও রপ্তানিযোগ্য পাটজাত পণ্য সেখানে মজুদ করা ছিল। ২০১২ সালের দিকে সালাম জুট মিলটি চালু হয়। মিল কর্তৃপক্ষ বলেছে, মিলটিতে উৎপাদিত সাড়ে ৭০০ টন সূতা মজুদ ছিল। মিলটিতে সাড়ে চারশ’ শ্রমিক-কর্মচারী রয়েছে।
পাটকলের শ্রমিকরা জানান, বিকেলে হঠাৎ করে জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ২টি ইউনিট। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জুট মিলের মালিক এম এম এ সালাম বলেন, আগুনে প্রায় ৭৫০ টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে তার ৫০ কোটি টাকার ইনস্যুরেন্স করা ছিল। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে। এই বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১৬ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন এখনো জ্বলছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।











































