স্পোর্টস ডেস্ক।।
বার্সেলোনার দুর্দশা কাটছেই না। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। এবার তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে আসলো ভিয়ারিয়াল। আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে জাভি হার্নান্দেজের দল। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হারের পর এই প্রথম কোনো ম্যাচে পাঁচ গোল হজম করল বার্সেলোনা। এই হারে লিগ টেবিলে শীর্ষস্থানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রইলো বার্সেলোনা।
যদিও শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ২২টি, যার ১০টি ছিল লক্ষ্যে। আর ভিয়ারিয়াল ৯ শটের ৬টি লক্ষ্যে রেখেই বাজিমাত করল।
শুরু থেকেই আক্রমণাত্নক হলেও ফিনিশিংয়ের অভাবে আরাধ্য গোলটি পাওয়া হচ্ছিল বার্সেলোনার। ম্যাচের ৪১ মিনিটে বার্সার সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এক সতীর্থের থ্রো-ইনে বল নিয়ন্ত্রণে নিয়ে সরলথ বক্সে ঢুকে পাস দেন মরেনাকে। আর প্রথম স্পর্শেই বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সা দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রাখে। তবে ম্যাচের ৫৪ মিনিটে কাতালানদের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়ারিয়ালের ইলিয়াস আখোমাচ। তবে বার্সেলোনা এরপর দারুণভাবেই ঘুরে দাঁড়ায়। ৬০ মিনিটে ইলকায় গুনদোয়ান আর ৬৮ মিনিটে পেদ্রি গোল করে ২-২ সমতা এনে দেন। ৭১ মিনিটে এরিক বেইলির আত্মঘাতী গোলে স্বাগতিকেরা এগিয়ে যায় ৩-২ ব্যবধানেও।
ম্যাচের ৮৪ মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন গনসালো গেদেস। সতীর্থের লম্বা করে বাড়ানো বল বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। নাটকীয়তার তখনও ঢের বাকি। শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দেয় ভিয়ারিয়াল। যোগ করা সময়ের আরও দুই গোল করে বার্সেলোনাকে তাদের ঘরের মাঠে পাঁচ গোল দিয়ে জয়োল্লাসে মাতে ভিয়ারিয়াল।
চলতি আসরে বার্সেলোনার দ্বিতীয় হার এটি। ২১ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মৌসুমের চমক জিরোনা। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভিয়ারিয়াল।











































