স্পোর্টস ডেস্ক।।
ব্যাট হাতে একাই রোহিত শর্মাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওলি পোপ। প্রথম ইনিংসে দলের রানের ঘাটতি একাই পুষিয়ে দিলেন। তবে মাত্র ৪ রানের জন্য দ্বিশতক পূর্ণ করতে পারলেন না পোপ। ১৯৬ রান করে আউট হলেন। তার দায়িত্বশীল ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করল ৪২০ রান। ভারতের জয়ের লক্ষ্য ২৩১।
পোপের এই ইনিংসটি ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ স্কোর। গত ১৪ বছরে সর্বোচ্চ। দ্বিশতক পেলে অবশ্য কোচ ব্রেন্ডন ম্যাককালামকেই ছুঁতে পারতেন পোপ। সর্বশেষ ২০১০ সালে দ্বিতীয় ইনিংসে সফরকারী ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেছিলেন ম্যাককালাম।
২৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারত ৪৩৬ রান করায় ১৯০ রানে পিছিয়ে পড়েন স্টোকসেরা। ব্যাট করতে নেমে ১৬৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ৩১ রানে জ্যাক ক্রাউলি, ৪৭ রানে বেন ডাকেট, ২ রানে জো রুট, ১০ রানে জনি বেয়ারস্টো ও ৬ রানে ফেরেন ইংলিশ অধিনায়ক স্টোকস। সেখান থেকে ফোকসের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন পোপ।
ব্যক্তিগত ৩৪ রানে ফোকস ফেরার পর পোপকে সঙ্গ দিয়েছেন রেহান, হার্টলিরাও। রেহানের সঙ্গে ৬৪ রানের জুটি বাঁধেন পোপ। টম হার্টলির সঙ্গে ৮০ রানের। শেষ পর্যন্ত ১৯৬ রানে থামলেন পোপ। ইংল্যান্ডের ইনিংস ৪২০ রানে শেষ হলে ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩১ রান। ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট পেয়েছেন বুমরাহ এবং তিনটি পেয়েছেন অশ্বিন।











































