স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সি ওরফে গলা কাটা রাজু (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল। ২০ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সে নড়াইল জেলার কালিয়া থানার মো. ইকরামুল মুন্সির ছেলে এবং নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলা গফ্ফারের বাড়ীর ভাড়াবাসায় বসবাস করত।
র্যাব-৬ জানায়, ভিকটিম চিত্তরঞ্জন খুলনা সদর থানধীন আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করেন এবং তিনি কৈয়া বাজারস্থ আবুল কাশেম কলেজের প্রভাষক ছিলেন। প্রতিদিনের ন্যায় ২০১৭ সালের ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরেন। একই রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে আসামিরা ভিতরে প্রবেশ করে। ভিকটিম চিত্তরঞ্জন আসামীদের বাধা দিলে আসামীরা ভিকটিমকে হাত পা ও মুখ বেধে হত্যা করে লাশটি খাটের উপর ফেলে রেখে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ন অলংকার নিয়ে চলে যায়। এ ঘটনায় খুলনা সদর থানায় ভিকটিমের ভাই সুবোল বাইন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল উদ্দীন রাজু মুন্সিসহ ৬জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০২১ সালের ১১ মার্চ জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শেষে রাজু মুন্সি ওরফে গালকাটা রাজুকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি রাতে ঢাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।











































