Home আঞ্চলিক পারিবারিকভাবে চোরাচালানে জড়িত সীমান্তের অনেকে

পারিবারিকভাবে চোরাচালানে জড়িত সীমান্তের অনেকে

49

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতের সীমান্তঘেঁষা গ্রাম বাঘাডাঙ্গা ও মাটিলা। একসময় ভারত থেকে গরু নিয়ে আসতেন গ্রামের বেশ কয়েকজন। দেখাদেখি চোরাচালানে জড়িয়ে পড়েন তাদের প্রতিবেশীরাও। কম পরিশ্রমে অনেক টাকা উপার্জনের পূর্বপুরুষের এ কাজে যুক্ত হয়েছেন ছেলে-ভাতিজারাও। এখন গ্রাম দুটির অনেক মানুষই পরিবারিকভাবে স্বর্ণ ও মাদক চোরাচালানে যুক্ত। বাঘাডাঙ্গায় এখন দুটি পক্ষ চোরাচালান নিয়ন্ত্রণ করে। সীমান্তে কোনো চোরাচালান ধরা পড়লেই এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। এ দ্বন্দ্বেই গত বুধবার প্রতিপক্ষের গুলিতে চাচা-ভাতিজার মৃত্যু হয়। তবে দু’পক্ষের ভয়ে তটস্থ গ্রামবাসী। প্রাণভয়ে তাদের নাম বলতে নারাজ খোদ জনপ্রতিনিধিরাও।

বৃহস্পতিবার বাঘাডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়, স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মন্টু মণ্ডল ও তাঁর ভাতিজা শামীম হোসেনের মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গুলির ঘটনাস্থল ও আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ। নিহতদের বাড়িতে চলছে মাতম। তবে চোরাকারবারিদের ভয়ে কেউই মুখ খুলতে নারাজ। নিহত শামীম হোসেনের বাড়িতে মা লাইলি বেগম বারান্দায় শুয়ে কান্নাকাটি করছেন; পাশে একমাত্র সন্তান মোস্তাকিনকে কোলে নিয়ে বিষণ্ন অবস্থায় বসে আছেন স্ত্রী সুমি খাতুন। ঘটনাস্থল তরিকুল ইসলাম ওরফে আকালের বাড়িতেও বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ আসছেন দেখতে। বাড়ির মধ্যেই রয়েছেন স্ত্রী রেকসোনা খাতুন ও মেয়ে সুমাইয়া। স্বামী তরিকুল ইসলাম ওরফে আকালে কোথায়, তা তিনি জানেন না বলে জানান।

স্থানীয়রা জানান, শামীমের ভাই রফি উদ্দিন একটি গ্রুপের নেতৃত্বে রয়েছে, যেখানে নিহত শামীম, মন্টুসহ অনেকেই জড়িত। অপর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন তারিকুল ইসলাম ওরফে আকালে। প্রায় পাঁচ মাস আগে বিজিবির হাতে স্বর্ণসহ ধরা পড়েছিল আকালের সহযোগী সেলিম নামে এক ব্যক্তি। সেই থেকেই তারা বেশি বিভক্ত।
প্রায় দুই মাস আগে আকালের বাড়ির পাশের একটি রাস্তায় তাঁকে মারধর করে রফি। এ ঘটনার জেরে এবং স্থানীয়ভাবে তারা প্রভাবশালী হওয়াই আকালে বেশির ভাগ সময় লুকিয়ে চলাচল করতেন।

বাঘাডাঙ্গা বাজারের কয়েকজন ব্যক্তি জানান, এদের মধ্যে বিরোধ ধরতে পারতেন না কেউ। আকালের কাছে পিস্তল আছে– এটা প্রতিবেশীরা ধারণাও করতে পারেননি। হয়তো তাঁর ওপর হামলা হতে পারে ভেবেই তিনি নিজের কাছে পিস্তল রেখেছিলেন। যেটা বুধবারের ঘটনার পর প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকেই আকালে পলাতক। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ভারতে চলে গেছেন। প্রায় ১০ বছর আগে শামীমের চাচা ফজলু বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক নেপা ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, সীমান্তের বাঘাডাঙ্গাসহ আশপাশের এলাকায় তারা এত শক্তিশালী যে আজ আমি মুখ খুলব, কাল আমাকে খুঁজে পাওয়া যাবে না। জীবনের ঝুঁকি কে নেবে?

সীমান্তের মাটিলা এলাকার শাহীন নামের এক ব্যক্তি বলেন, আমি এলাকার চোরাচালানের ভয়ে ঝিনাইদহে থাকি। সীমান্ত এলাকার প্রায় ৭০ ভাগ মানুষই কম-বেশি চোরাচালানে জড়িত। এদের সিন্ডিকেট এতই শক্তিশালী, কেউ মুখ খুললেই বিপদ।

নিহত শামীমের স্ত্রী সুমি খাতুন ও মা লাইনি বেগম বলেন, শামীম কী কাজ করত, তা কখনও বলত না। তবে আমরা দেখেছি সে শুধু ট্রাক্টর চালায়।

অন্যদিকে তরিকুল ইসলাম আকালের স্ত্রী রেকসোনা খাতুন জানান, আগে সীমান্তে গরু আনা-নেওয়ার কাজ করতেন তাঁর স্বামী। এখন সেটি বাদ দিয়ে কৃষিজমিতে কাজ করেন। তবে স্বামীর কাছে পিস্তল থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা বলেন, মহেশপুর ছাড়াও বিভিন্ন এলাকায় সীমান্তবর্তী মানুষ ঐতিহ্যগতভাবেই চোরাচালানে জড়িত। এরা দেখে বাপ-দাদারা অল্প পরিশ্রমে টাকা রোজগার করেছেন, আমরা কেন পরিশ্রম করব। যে কারণে এরা চোরাচালানের পথ বেছে নেন। তবে তাদের ধরতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। যে কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণ উদ্ধার ও আসামি আটক হচ্ছে।

ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। আসামি ধরতে জোর চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

প্রসঙ্গত, স্বর্ণ চোরাচালান নিয়ে তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ ছিল শামীম হোসেন, রফি উদ্দিন এবং শামীমের চাচা মন্টু মণ্ডলের। এই বিরোধের জেরে বুধবার বিকেলে মন্টু, শামীম ও তাঁর বাবা শামসুল একই গ্রামের আকালের বাড়িতে হামলা করে। এ সময় আকাল দৌড়ে তাঁর বাড়ির ছাদে উঠে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। গুলিতে মন্টু ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত শামীম ও তাঁর বাবা শামসুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ শামসুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।