Home Uncategorized ডুমুরিয়ায় কাজের মেয়াদ শেষ হলেও নির্মাণ হয়নি সেতু

ডুমুরিয়ায় কাজের মেয়াদ শেষ হলেও নির্মাণ হয়নি সেতু

47

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ৮১ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে দেড় বছর আগে। কিন্তু কাজ শেষ হয়েছে মাত্র দেড় শতাংশ। কাজের অগ্রগতি না থাকায় প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারের গাফিলতিতে এ অবস্থা দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)।

আটলিয়া ইউনিয়নের আধারমানি-পুঁঠিমারী নদীর দক্ষিণ পাশে মাগুরখালী ও উত্তর পাশে সুন্দরবুনিয়া গ্রাম। উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল ও কৃষিপণ্য বাজারজাতকরণসহ যোগাযোগ সহজ করতে নদীতে সেতু ও সড়ক নির্মাণে প্রকল্প নেয় সরকার। ১২ মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৮১ লাখ টাকা। কাজটি পায় শহিদুল এন্টারপ্রাইজের খন্দকার শহিদুল ইসলাম। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কাজ শুরুর কথা। সময়সীমা বেঁধে দেওয়া হয় ওই বছরের ১৪ আগস্ট।

সরেজমিনে দেখা যায়, নদীর ওপর একটি সরু বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধের ওপর ছড়ানো-ছিটানো ইট ও খোয়া পড়ে আছে। সেতু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত মিস্ত্রি বা কোনো শ্রমিককে সেখানে দেখা যায়নি। দীর্ঘদিন পড়ে থাকায় সড়কটি ভাঙাচোরা আর কাদামাটিতে একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার ও শিশির মণ্ডল জানান, ঠিকাদার প্রথম দিকে এক সপ্তাহর মতো নদীর আড়া-আড়ি একটি সরু সড়ক নির্মাণের লক্ষে কিছু মাটি ফেলে। কিছুদিন কাজ করে চলে যায় ঠিকাদারের লোকজন। এরপর তাদের দেখা মেলেনি। কাজও হয়নি। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রোদ-বৃষ্টিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙা সড়ককে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

পুঁঠিমারী গ্রামের বাসিন্দা মনোজ কুমার বলেন, আধারমানি-পুঁঠিমারী গ্রামের একটি মাধ্যমিক ও প্রাইমারি স্কুলে ছোট্ট ছেলেমেয়েদের নৌকায় পার হয়ে স্কুলে যেতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এ এলাকার ডিঙি নৌকাই একমাত্র ভরসা। সে সময় ভোগান্তির শেষ থাকে না।

আধারমানি গ্রামের বিমল মণ্ডল বলেন, একজন মানুষ অসুস্থ হলে তাঁকে নৌকায় পার করে হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় রোগী বাঁচানোই দায় হয়ে পড়ে।

পুঁঠিমারী গ্রামের বিলে মাছচাষি মো. সেলিম মোড়ল বলেন, প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নৌপথে বহন করছেন। তাই সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।

এ বিষয়ে কথা বলতে ঠিকাদার খন্দকার শহিদুল ইসলামের কাছে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, কাজ বন্ধ রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে চিঠি দেওয়া হয়েছিল। চিঠি পেয়ে তারা যোগাযোগ করেছিল। এরপর আবারও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।