ঢাকা অফিস
আমার দেখা ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের চেয়ে এবার সুন্দর পরিবেশে ভোট হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
রোববার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, ‘নির্বাচনে আমরা ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে দেখেছি। র্যাব পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর যারা আছে আমরা সকলের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছি।’
বিভিন্ন ভোটকেন্দ্রে আসা মানুষদের ‘অনসাইড আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম’(ওআইভিএস) মাধ্যমে তথ্য যাচাই করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ডিভাইস ব্যবহারের মাধ্যমে আমরা শুধুমাত্র তাদেরকে শনাক্ত করেছি, যারা বহিরাগত বা যিনি ভোটার না অথচ আসছেন ঝামেলা করার জন্য। সন্ত্রাসী টাইপের লোকজন যারা তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আইভিএম ডিভাইস ব্যবহার করেছি।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্নস্থানে গিয়েছি। নির্বাচন ঘিরে সহিংসতা, শঙ্কা ও আতঙ্ক অতীতেও ছিলো, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এবার ২০১৪-১৮ থেকে অনেক সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে।’
নির্বাচন পরবর্তী ব্যবস্থা সম্পর্কে র্যাব প্রধান বলেন, ‘আমরা আশঙ্কা করতেই পারি কিন্তু সেই আশঙ্কাকে কীভাবে মোকাবিলা বা প্রতিহত করব, তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন- এমন কোনো ধরনের আশঙ্কা নেই। কেউ চেষ্টা করলেও সফল হতে পারবে না।’
ভোট গ্রহণ প্রক্রিয়া ও নিরাপত্তার বিষয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ‘সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। ভোটগ্রহণ প্রক্রিয়ার সুষ্ঠু হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে সবাইকে আইনের সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। সে যেই হোক না কেন, যে দলেরই প্রার্থী হোক না কেন। বেআইনি কাজ করলে কেউ পার পাবে না।’











































