Home জাতীয় চট্টগ্রাম-১০ আসন: পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে

চট্টগ্রাম-১০ আসন: পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে

50

খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে।

তার নাম শামিম আজাদ ওরফে ব্ল্যাক শামিম। তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২) নামে দুজন গুলিবিদ্ধ হন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, শামিম আজাদের হাতের অস্ত্রটি নাইন এমএম পিস্তল, যেটি ৭.৭৫ মডেলের চেয়ে আপডেটেড।
শামিম আজাদের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা ও একটি চাঁদাবাজির মামলা আছে।

এই বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার অনেক অনুসারী আছে। গুলির করার বিষয়ে আমি অবগত নই। আমি বাসায় আছি।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত বলেন, ‘অস্ত্র হাতে ওই যুবককে খুঁজছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’