ঢাকা অফিস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ‘ভুয়া নির্বাচন’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটা কোনো নির্বাচন না। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশ-বিদেশের সব গণমাধ্যমে এই নির্বাচনের প্রতিবেদন প্রকাশ পাবে।
মঈন খান বলেন, ইতোমধ্যে দেশে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্টে প্রকাশ করে দিয়েছে। তারা বলছেন, এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন।
তিনি আরও বলেন, এক বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি রবিবার ভোট বর্জনের মাধ্যমে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক রবিবার সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনকারী ৬২ দল নির্বাচন বর্জন করেছে।
সাবেক এই মন্ত্রী বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে আমরা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি সংগ্রহ করেছি। কিছু কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি-লোভ দেখিয়ে, নগদ টাকা দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না।
গত ৭৯ দিনে বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, এতকিছুর পরও আমাদের যে আন্দোলন, সেটা থেকে সরাতে পেরেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু, আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে, সেটা তো বিএনপি করে না।
মঈন খান বলেন, মানুষ কথা বলতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে পেতে চায়। এই তিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। বিএনপির পরবর্তী আন্দোলন কী হবে, তা আগামী ২-১ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আব্দুল মঈন খান।











































