স্টাফ রিপোর্টার।।
জলবায়ূ পরিবর্তনের ক্ষতিপূরণ কোন দয়া নয়, অধিকার। অবিলম্বে জলবায়ূ পরিবর্তনের ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে গ্লোবাল ডে অব অ্যাকশন এন্ড ফুসিল ফুয়েলস ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় সাইকেল র্যালি ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ওয়াটারকিপারস-বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, কোস্টাল ভয়েস অব বাংলাদেশ (কব) ও খুলনা সাইক্লিস্ট যৌথভাবে নগরীর রয়্যাল মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।
কব সভাপতি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে উদ্বোধন করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। কব সাধারণ সম্পাদক কৌশিক দে’র সঞ্চালনায় বক্তব্য দেন খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, ন্যাপ নেতা এনামুল হক, সাংবাদিক মোরশেদ নেওয়াজ, খুলনা সাইকেলিং এর গোলাম রাব্বানী, মো. সেতু আলম ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, রিয়াদ হোসেন হোসেন প্রমুখ।
সমাবেশে পরিবেশ আন্দোলনের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আরো বলেন, জলবায়ু ও জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাস ও এলএনজি ব্যবহার বাড়ানো কোন সমাধান নয়, বরং সবুজায়ন-নবায়নযোগ্য জ্বালানিই ভবিষ্যৎ। তাই গ্যাস ও এলএনজিতে অর্থায়ন বন্ধ করতে হবে। কয়লাসহ জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দূর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য ক্ষেত্রে নানামূখী সংকট দেখা দিচ্ছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলো বারবার ক্ষতিপূরণের আশায় দিলেও তা বাস্তবায়ন করছে না। ফলে ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠছে। ।
অপরদিকে শনিবার খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের পাড়ে আয়োজিত শিশুদের চিত্রাংকন, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, অনির্বাণ লাইব্রেরি এবং সচেতন সংস্থা যৌথ ভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট বিপ্লব কান্তি মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ দিদার হোসেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার ও উপাধ্যক্ষ ত্রিদিপ মণ্ডল, অধ্যাপক রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, মানবাধিকার কর্মী এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ইউপি সদস্য বিষ্ণুপদ রায়, পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, যুবনেতা প্রদীপ দত্ত, সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, সংবাদিক পলাশ কর্মকার, নদী কর্মী আলাউদ্দিন মোড়ল প্রমুখ। #











































