ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে চলতি বছরের শেষ ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই বছর অবশ্য আরও ৬টি ম্যাচ খেলবে টাইগাররা। তবে ঘরের মাঠে বছরের শেষটা হয়েছে হার দিয়ে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে যাবেন নাজমুল হোসেন শান্তরা।
মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (শনিবার) শেষ হওয়া টেস্টে বাংলাদেশই কেবল হারেনি, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কাঁধেও লজ্জার এক রেকর্ড ভর করেছে! আর সেটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি হারের রেকর্ড। কিউইদের বিপক্ষে এদিন ক্যারিয়ারের ২৫৭তম হার দেখলেন মুশফিক।
এর আগে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছিলেন মুশফিক। যদিও ভারতীয় তারকার ম্যাচ খেলার সংখ্যাটা মুশফিকের চেয়ে অনেক বেশি। সবমিলিয়ে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে শচীন হার দেখেছেন ২৫৬টিতে। বিপরীতে মুশফিক এখন পর্যন্ত খেলেছেন ৪৫৫টি ম্যাচ।
মুশফিক ও শচীনের পর ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি তিক্ত হারের স্বাদ পেয়েছেন ২৪৯ ম্যাচে। এজন্য জয়াবর্ধনে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫২টি ম্যাচ খেলেছেন।
ম্যাচ হারের দিক থেকে এরপর যথাক্রমে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২৪১) ও আরেক লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়ার (২৪০)। অবশ্য মুশফিক কেবল হারের রেকর্ডই গড়েননি, দেশের হয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডেও আছে তার নাম।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭৬টি ম্যাচ জিতেছেন। মুশফিকের চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশের ৪৩০ ম্যাচের ১৭৭টিতে জয়ের স্বাদ পেয়েছেন।











































