ক্রীড়া প্রতিবেদক
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ মানেই স্পিনারদের একচ্ছত্র আধিপত্য। যেখানে খাবি খান ব্যাটসম্যান! নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (শনিবার) শেষ হওয়া টেস্ট সিরিজে আবারও দেখা গেল সেই একই চিত্র।
দ্বিতীয় ম্যাচটি চতুর্থ দিনে গড়ালেও সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৭৮.১ ওভার। যা বলের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন। ম্যাচজয়ী কিউই অধিনায়ক টিম সাউদি খেলা শেষে মিরপুরের পিচ নিয়ে কড়া সমালোচনা করেছেন। সাউদির মতে এটা সম্ভবত তার ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট।
এর আগে বৃষ্টি ও আলোকস্বল্পতা সবমিলিয়ে চারটি সেশনের খেলা মাঠে গড়ায়নি। বলের (১০৬৯) হিসেবে সেটি আরো ভালো মতো টের পাওয়া যায়। হিসেবে যা দুই দিনেরও কম। উপমহাদেশের উইকেটে বল টার্ন করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মিরপুরে টার্নের চেয়েও বিপদজনক ছিল অস্বাভাবিক বাউন্স।
কখনো বল গড়িয়ে যাচ্ছে, কখনোবা আচমকা লাফিয়ে বুক সমান উচ্চতায় উঠে পড়ছে। ব্যাটসম্যানরা তো দূর, বোলারদেরও বল যাওয়ার মুভমেন্ট বোঝা মুশকিল হয়ে পড়েছিল। তাই তো ম্যাচ শেষে উইকেট নিয়ে অকপটে নিজের অনুভূতি জানিয়েছেন সাউদি
তিনি বলেন, ‘আমার মতে এটি অসম্পূর্ণ একটি টেস্ট। উইকেটটা ছিল খুবই কঠিন। ছোট কোনো জুটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িযেছিল। এই উইকেট বর্ণনা করার অনেক পথ আছে। আমার মনে হয় ১৭০ ওভারের মধ্যে (১৭৮.১) ওভারের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া বোঝায় উইকেট কেমন। এটা ভালো ছিল না।’
এই কিউই তারকা আরো বলেন, ‘সম্ভবত আমার গোটা ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট এটা। এমনকি এখানে ব্যাটে-বলের লড়াইও হয়নি। ব্যাটে-বলে ভারসাম্যের বদলে এটা পুরোপুরি বোলারদের পক্ষে ছিলো। আমাদের ছেলেরা হোঁচট খেয়ে খাদে পড়ে আবার ঘুরে দাঁড়িয়ে জিতেছে। এটা সবচেয়ে আনন্দের।’











































