Home আঞ্চলিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল: ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

121

স্টাফ রিপোর্টার।।
নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেল এক গৃহবধূকে ধর্ষণের মামলায় সেলিম রেজা (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল হোসেন নথীর বরাত দিয়ে জানান, ভুক্তভোগী নারী তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে যান। সেখানে সেলিম রেজার সঙ্গে পরিচয় হয় ওই নারীর। সেলিম ওই নারীর মাকে ডাক্তার দেখানোর জন্য অনেক সাহায্য করায় তাদের মধ্যে মোবাইলফোন নম্বর আদান-প্রদান হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মায়ের অসুস্থতা বাড়লে সেলিম গৃহবধূর মায়ের উন্নত চিকিৎসা করানোর জন্য খুলনায় ভারতীয় ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলেন।

২০১৯ সালের ১৮ অক্টোবর ওই গৃহবধূকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্বরণি রোডের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের একটি রুমে নিয়ে যায়। কৌশলে হোটেল রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে লম্পট সেলিম। একপর্যায়ে বিকেলে ছেড়ে দিলে গৃহবধূ বাড়ি চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূ ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি এসআই মো. খালিদ উদ্দিন আদালতে সেলিরে বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট ফরিদ আহমেদ।