Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ে পাখির জন্য গাছে গাছে মাটির বাসা

খুলনা বিশ্ববিদ্যালয়ে পাখির জন্য গাছে গাছে মাটির বাসা

7

স্টাফ রিপোর্টার।।

গাছের ডালে বাঁধা ছোট ছোট মাটির হাঁড়ি। প্রত্যেক হাঁড়ি ফুটো। বৃষ্টিতে যাতে এর ভেতরে পানি জমে না থাকে, সেজন্য এই ব্যবস্থা। আর গাছে হাঁড়ি বাঁধার এমন আয়োজন পাখিদের জন্য। বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গাছে পাখিদের অবাধ বিচরণ, নিরাপদ আশ্রয় তৈরি ও তাদের বংশবৃদ্ধির জন্য শতাধিক হাঁড়ি বসানো হয়।

‘প্রকৃতির জন্য পাখি, গাছে গাছে মাটির হাঁড়ি’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছে খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাব। ক্লাবটির সদস্যদের হাতে মাটির হাঁড়ি তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব সবার। জীববৈচিত্র্য ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে; আমরাও ভালো থাকব। হাঁড়িগুলো বসানোর মাধ্যমে দেশীয় পাখিরা নিরাপদ আবাসস্থল পাবে। ক্যাম্পাস পাখিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠুক, সে প্রত্যাশা করি।

গাছে বাঁধা মাটির হাঁড়িতে আশ্রয় নিলে পাখিরা ঝড়, বৃষ্টি ও রোদ থেকে বাঁচবে। হাঁড়ির দুই দিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। একদিক দিয়ে পাখি ঢুকে সোজা অন্য মুখ দিয়ে বের হয়ে যেতে পারবে।

হাঁড়ি বসানোর কার্যক্রম উদ্বোধনের সময় আরও বক্তব্য দেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। এ সময় ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ইফতেখার শামস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি ওয়ালিদ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।