Home স্বাস্থ্য জোয়ান না মৌরি? খাবার খাওয়ার পর কোনটি হজমে উপকারী

জোয়ান না মৌরি? খাবার খাওয়ার পর কোনটি হজমে উপকারী

131

খুলনাঞ্চল ডেস্ক।।

জোয়ান ও মৌরি, দুটিই ভেষজই পুষ্টিগুণে ভরপুর। গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে এই দুটি ভেজষই অত্যন্ত উপকারী। এ কারণে অনেকেরই খাবার খাওয়ার পরই নিয়মিত জোয়ান বা মৌরি খাওয়ার অভ্যাস আছে। কারও কারও কাছে গ্যাস, অ্যাসিডিটিতে জোয়ান হল মহৌষধির সমান। আবার অন্যদিকে কিছু ব্যক্তি এইসব সমস্যায় মৌরির উপরই ভরসা রাখেন। তাই অনেকেরই প্রশ্ন, মৌরি নাকি জোয়ানের গুণে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ? এ ব্যাপারে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়।

পুষ্টিবিদের মতে, আমাদের অতি পরিচিত জোয়ানে রয়েছে অত্যন্ত উপকারী কিছু উপাদান যা হজম ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত জোয়ান খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমবে। শুধু তাই নয়, এতে মজুত থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিসের ব্যথা এবং সর্দি-কাশি কমানোর ক্ষেত্রেও উপকারী। তাই সুস্থ থাকতে নিয়মিত এক চামচ জোয়ান খেতেই পারেন।

পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায় জানান, মৌরিও গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের মতো অনেক ধরনের সমস্যা কমাতে পারে। তাই এইসব সমস্যায় ভুক্তভোগীরা অবশ্যই মৌরি খেতে পারেন। সেই সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করা, উচ্চ রক্তচাপ কমানো, ক্যানসার প্রতিরোধসহ একাধিক জরুরি কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এই প্রাকৃতিক উপাদান।

মৌরি না জোয়ান, কোনটা খেলে গ্যাস, অ্যাসিডিটি কমবে?

এই প্রসঙ্গে পুষ্টিবিদ ঈশানী জানান, মৌরি ও জোয়ান এই দুটি ভেষজই হজমশক্তি বাড়াতে পারে। তাই সমস্যায় পড়লে দুটিই খেতে পারেন। তবে দ্রুত গ্যাস, অ্যাসিডিটি কমাতে চাইলে এক চামচ জোয়ান খাওয়াই ভালো। এতেই তাড়াতাড়ি সমস্যা থেকে মুক্তি মিলবে।

অপরদিকে মৌরি খেলে যে সমস্যা কমবে না, এমন নয়। তবে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। এই দুই উপাদানের মধ্যে মুলত পার্থক্য এইটুকুই।​

যারা নিয়মিত গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তারা এইসব জটিলতা থেকে মুক্তি পেতে চাইলে রোজ সকালে জোয়ান এবং মৌরির পানি অদল-বদল করে পান করুন। সেক্ষেত্রে রাতে এক গ্লাস পানিতে এক চামচ জোয়ান বা মৌরি মিশিয়ে পরদিন সকালে খালিপেটে খান। এই নিয়মে টানা খেলে উপকার পাবেন। এতে গ্যাস, অ্যাসিডিটির প্রকোপও অনেকটা কমবে।

ঈশানী গঙ্গোপাধ্যায়ের কথায়, শুধু জোয়ান বা মৌরি খেয়ে গ্যাস, অ্যাসিডিটি কমাতে পারবেন না। বরং এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। মদ্যপান, ধূমপান এড়িয়ে চলতে হবে।