মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন কর্মসুচি গ্রহন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনার রাজনৈতিক অঙ্গনের এক মহানায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বায়ান্নর ভাষা আন্দোলনের সৈনিক এম নূরুল ইসলাম দাদু ভাই’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (২১ অক্টোবর ২০২৩)। খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সকলের প্রিয় এম নুরুল ইসলাম দাদুভাই এর তৃতীয় মৃত্যু বার্ষিকীর দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন কর্মসুচি গ্রহন করেছে খুলনা মহানগর জেলা বিএনপি।
কর্মসুচির মধ্যে রয়েছে আজ বেলা ১১ টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় মরহুমের রাজনৈতিক জীবন এর ওপর আলোচনা সভা ও রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বাদজোহর মরহুমের কবর জিয়ারত করবে দলের নেতাকর্মীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট শফিকুল আলম মনা। খুলনা মহানগর ও জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর বিএপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।
সংক্ষিপ্ত জীবনী: ভাষাসংগ্রামী এম নূরুল ইসলাম দাদু ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০ বাবুখান রোড এলাকায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ডা. খাদেম আহমেদ এবং মা আসিয়া খাতুন। তিনি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করার পর ছাত্রজীবনে নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগের খুলনা শাখার সাধারণ সম্পাদক, ১৯৫২ সালে হক-ভাসানী-সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্টে, ১৯৫৭ সালে ন্যাপের খুলনা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৬২ সালে খুলনার জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান,
১৯৬৮-৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, ১৯৭২ সালে ন্যাপের খুলনা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য, ১৯৭৮ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী যুক্তফ্রন্টে যোগদান, ১৯৭৯ সালে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, ২০০১ সালে খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সবার কাছে ‘দাদু’ নামে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ অক্টোবর বুধবার সকাল ৮টার দিকে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।











































