Home খেলাধুলা ঢাকা ঘুরে গেলেন রোনালদিনহো

ঢাকা ঘুরে গেলেন রোনালদিনহো

46

স্পোর্টস রিপোর্টার

গত ৩রা জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন নেক্সট ভেঞ্চার। কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যেগে মার্টিনেজের ১১ ঘণ্টার বাংলাদেশ সফরে ফুটবল সংশ্লিষ্ট কেউ তার সঙ্গে দেখা করতে পারেননি। মার্টিনেজকে আনার উদ্যোক্তরা ফুটবলের কাউকে আমন্ত্রণই করেনি। এমনকি বিমানবন্দরে অপেক্ষা করেও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পাননি মার্টিনেজের দেখা। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল উদ্যোক্তা ও স্পন্সর প্রতিষ্ঠান। এবারও কলকাতার সেই উদ্যোক্তা ঢাকায় এনেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সুপারস্টার রোনালদিনহোকে। সমালোচনা এড়াতে এবার ফুটবলের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর অনুষ্ঠানে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নির্বাহী কমিটির সকলকে। জামাল ভূঁইয়া সাবিনা খাতুন রেডিসনে দেখাও করেছেন এই তারকার সঙ্গে।

 

সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নির্বাহী কমিটির কয়েকজনকে নিয়ে অনুষ্ঠানে যোগ দিলেও সেখানে যাননি বাফুফের কাজী মো. সালাউদ্দিন। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো গতকাল বিকাল চারটায় ঢাকায় আসেন। কলকাতা সফর শেষে ঢাকায় এসে ছিলেন ৬ থেকে ৭ ঘণ্টার মতো। এই সংক্ষিপ্ত সফরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদিনহো। ঢাকা থেকেই তিনি ফিরে যান নিজ দেশ ব্রাজিলে।