Home খেলাধুলা ‘আর্থিক সংকটে’ প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছে না গোপালগঞ্জ

‘আর্থিক সংকটে’ প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছে না গোপালগঞ্জ

48

স্পোর্টস রিপোর্টার

গত মৌসুমে হঠাৎ করে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ মুহূর্তে তারা সরে যাওয়ায় দশ ক্লাব নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৫তম আসর। এবারো সাইফ স্পোর্টিংয়ের মতো শেষ মুহূর্তে প্রিমিয়ার লীগে না খেলার সিদ্ধান্ত নিয়েছে নবাগত গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। জানা গেছে আর্থিক সংকটের কারণেই প্রথমবারের মতো পেশাদার লীগের উত্তীর্ণ হওয়া ক্লাবটি নিজেদের নাম সরিয়ে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) দল বদলের শেষ দিন ছিল গতকাল। গোপালগঞ্জ ছাড়া বাকি দশটি ক্লাব গতকাল ফুটবলার নিবন্ধনের কার্যক্রম শেষ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে রানার্স-আপ হয়ে প্রিমিয়ার লীগে উঠেছিল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। দেশের ফুটবলের শীর্ষ স্তরে উঠেও না খেলার কারণ সম্পর্কে ক্লাবের ম্যানেজার এসএম মামুনুর রশিদ বলেন, ‘প্রিমিয়ারে খেলতে অনেক আর্থিক সামর্থ্যের প্রয়োজন। যা আমাদের জন্য এই মুহূর্তে বহন করা কষ্টকর। তাই আমরা প্রিমিয়ার লীগের পরিবর্তে বিসিএল (চ্যাম্পিয়নশিপ লীগ) খেলার আগ্রহ প্রকাশ করে ফেডারেশনকে চিঠি দিয়েছি।’ প্রিমিয়ার ফুটবল লীগে দল গঠন যথেষ্ট ব্যয়বহুল। প্রতি দলে ছয় জন বিদেশি নিবন্ধনেই লেগে যায় কোটি টাকা।

 

 

দেশি খেলোয়াড়, কোচ ও ক্যাম্প খরচ সবমিলিয়ে ন্যূনতম ২-৩ কোটি টাকা প্রয়োজন দেশের শীর্ষ পর্যায়ে লীগ খেলতে। এই মুহূর্তে সেটা জোগাড় করা কষ্টসাধ্যই গোপালগঞ্জ স্পোর্টিংয়ের জন্য। প্রিমিয়ার লীগে বড় অঙ্ক ব্যয় না করে সেই অর্থ দিয়ে গোপালগঞ্জ ক্লাবের অবকাঠামো তৈরিতে মনোযোগ দেবে বলে জানা গেছে। গত ১লা আগস্ট থেকে শুরু হয় দল বদলের কার্যক্রম। আড়াই মাস পর এসে এমন সিদ্ধান্ত নেয়ার কারণ জানিয়ে ক্লাবটির ম্যানেজার বলেন, ‘আসলে আমাদের এই সিদ্ধান্ত কয়েকদিন আগেই নেয়া। ক্লাব সভাপতি সম্প্রতি বিদেশ সফরে ছিলেন, পাশাপাশি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাতে খানিকটা বিলম্ব হয়েছে।’ গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কোচ ছিলেন সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি। দলকে প্রিমিয়ারে উঠিয়েও নিজে কোচিং না করাতে পারার চেয়ে ফুটবলারদের জন্যই বেশি কষ্ট পাচ্ছেন জানিয়ে বলেন, ‘গতকাল ক্লাব থেকে আমাকে জানানো হয়েছে প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করবে না তারা। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে অনেক খেলোয়াড়ই সমস্যায় পড়বে। অনেকেই আশায় ছিল তারা প্রিমিয়ার লীগ সেটা আর হচ্ছে না।’ চ্যাম্পিয়নশিপ লীগ থেকে প্রিমিয়ারে উঠেও না খেলার আরও নজির রয়েছে। কক্স সিটি, ফকিরাপুল ইয়ংমেন্স প্রিমিয়ারে উঠেও আর্থিক সংকটের জন্যই মূলত অংশগ্রহণ করেনি। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেয়ায় এখন লীগে দল সংখ্যা দাঁড়াচ্ছে দশে।