ঢাকা অফিস।।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীরউত্তম’ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার সভায় আইনি প্রক্রিয়া ছাড়া খেতাবটি বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামুকা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমকালকে বলেন, ‘জিয়াউর রহমানের খেতাব বাতিল না করার সিদ্ধান্ত হয়েছে। এ-সংক্রান্ত কমিটি ও সরকারের উচ্চ পর্যায়ের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সরকারই মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের খেতাব চালু করেছিল। জিয়াউর রহমানও খেতাবপ্রাপ্তদের একজন। কিন্তু তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা ছিলেন– এটি পরে বিভিন্ন নথিপত্রে প্রমাণিত হলেও আদালত বা এ-সংক্রান্ত কোনো উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। জিয়াউর রহমান মারা যাওয়ায় এটি সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, ‘সরকার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতাদের চিহ্নিত করতে কমিশন গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ওই কমিটি গঠনের পর তাদের সুপারিশে জিয়াউর রহমানের ভূমিকা চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি এক সভায় জামুকা মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া জিয়াউর রহমানের খেতাবটি বাতিলের সিদ্ধান্ত নেয়। ওই দিনই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আরও যেসব মদদদাতা আছেন, তাদের চিহ্নিত করতে তিন সদস্যের কমিটি করা হয়েছিল। কমিটির আহ্বায়ক করা হয় চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। দুই সদস্য হলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেই সভাসূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের বিষয়টি সভার আলোচ্যসূচিতে ছিল না। ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাই ও বাতিল-সংক্রান্ত নথি পর্যালোচনার এক পর্যায়ে বিষয়টি উত্থাপিত হয়। তখন এ নিয়ে দীর্ঘ আলোচনার পর জিয়াউর রহমানের খেতাব ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় জামুকা। পাশাপাশি বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন নূর চৌধুরী ও মেজর শরিফুল হক ডালিমের ‘বীরবিক্রম’ এবং রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের ‘বীরপ্রতীক’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে ইতোমধ্যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত পলাতক চার খুনির খেতাব বাতিল করেছে সরকার।
এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চলাকালে জিয়াউর রহমান মারা যাওয়ায় তাঁর বিচার হয়নি। আইন অনুযায়ী মৃত ব্যক্তিদের বিচারের সুযোগ নেই। তবে যাদের বিচার হয়েছে, তাদের মধ্যে যে চারজন এখনও পলাতক, তাদের খেতাব বাতিল করা হয়েছে।’ এদিকে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতাদের চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি কয়েক বছর ধরেই রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হকও বিভিন্ন সময় এ কমিশন গঠনের কথা বলেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘দীর্ঘকাল আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের চিহ্নিত করতে কমিশন গঠনের জন্য বলে আসছি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়েও কমিশন গঠনের কথা বলা হয়েছিল; কিন্তু গঠন করা হয়নি।’
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা প্রমাণ করা গেলে আইন সংশোধন করে হলেও মরণোত্তর বিচার করা উচিত। ইতালিসহ কয়েকটি দেশে এমন বিচারের সুযোগ আছে। তবে মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকাকে অস্বীকার করা যাবে না। সঙ্গে এও মনে রাখতে হবে, বঙ্গবন্ধু সরকারই জিয়াউর রহমানকে খেতাব দিয়েছিল। তাই আইনি প্রক্রিয়া ছাড়া এটি বাতিল করা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রহণযোগ্য হবে না। তবে বঙ্গবন্ধু হত্যায় জিয়ার ভূমিকা জাতির জন্য লজ্জাজনক।’











































