চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচোরা গ্রামে পরিত্যক্ত কলাগাছের বাকল থেকে উৎপন্ন সুতা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন পণ্য। পরিত্যক্ত কলাগাছের আঁশযুক্ত সুতার তৈরি পণ্যে স্বপ্ন দেখছেন ঐ গ্রামের হাজারো নারী-পুরুষ। ঐ গ্রামে কলাগাছের সুতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ক্ষুদ্র কুটিরশিল্পও। এই পণ্য দেশের বাজারে বিক্রির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে রফতানির করা হচ্ছে।
কলাগাছের বাকল থেকে উৎপন্ন সুতা দিয়ে নৌকা, ওয়াল ম্যাট, ফুলদানি, ক্যাপ, হ্যারিকেন, পাপোশ, টেবিলম্যাট ও বাজারের ব্যাগসহ বিভিন্ন ধরনের পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করছেন কৃষি উদ্যোক্তা শাহিন আলী। এরই মধ্যে এসব পণ্য মানুষের নজর কাড়তে শুরু করেছে। কলাগাছের আঁশযুক্ত সুতায় তৈরি পণ্যগুলো বিভিন্ন সরকারি দফতরসহ বাসা বাড়িতেও শোভা পাচ্ছে। তৈরি পণ্যগুলো শুধু দেশের বাজারে নয় বিদেশেও রফতানি করছেন তিনি। ঐ গ্রামের শতাধিক নারী-পুরুষ এ শিল্পে নিয়োজিত রয়েছেন। তারা চেষ্টা করছেন তাদের ভাগ্যের চাকা ঘুরাতে। স্বপ্ন দেখছেন আগামীর। এরই মধ্যে প্রশিক্ষিতদের নিয়ে গঠন করা হয়েছে একটি সমিতি।
চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ১৬ কিলোমিটার ও দামুড়হুদা উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে পাটাচোরা গ্রাম। এ গ্রামের যুবক শাহিন আলীর ছোটবেলা থেকেই পরিবেশ-বান্ধব পণ্য ব্যবহারের প্রতি তার আগ্রহ ছিল। প্রায় দু’বছর আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখে সেখান থেকে শাহিন আলী কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়ে অবগত হন। মোবাইল যোগাযোগ করে কিনে আনেন সুতা তৈরির মেশিন।
এরপর গ্রামের কলাক্ষেত থেকে কলার কাঁদি পেড়ে নেয়ার পর পরিত্যক্ত কলাগাছের বাকল সংগ্রহ করেন তিনি। পরে সেই বাকলগুলো মেশিনে দিয়ে সুতা বের করেন। বেশকিছু দিন সুতা তৈরি করার পর তার মাথায় আসে এ সুতা দিয়ে পণ্য তৈরি করার চিন্তা। পরবর্তীতে কলাগাছের বাকলের তৈরি সুতা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি শুরু করেন তিনি।
প্রথমে বাড়ির মেয়েদের নিয়ে শুরু করেন পণ্য তৈরি। পরে আস্তে আস্তে গ্রামের অন্য নারী-পুরুষদেরকেও যোগ করা হয় এ পেশায়। বর্তমানে এ কাজের সঙ্গে যুক্ত করেছেন ঐ গ্রামের ছাত্রী, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীসহ শতাধিক নারীকে। এ পেশার নারী-পুরুষরা বিভিন্ন পণ্য তৈরি করে তারা একত্রে জমা করেন সমিতিতে। সেখান থেকে বিক্রি করা শুরু হয় এসব পণ্য।
এ পেশার নারী-পুরুষরা জানান, এসব পণ্য তৈরি করে বাজারজাত করে বেশ লাভের মুখ দেখছেন তারা। বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনেও এসব পণ্যের নমুনা পাঠানো হয়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থান থেকে অর্ডার পাওয়া শুরু হয়েছে তাদের।
পাটাচোরা গ্রামের স্বামী পরিত্যক্তা হিরা মনি, দেওলী গ্রামের গৃহবধূ রত্না খাতুন জানান, উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে পরিত্যক্ত কলাগাছের সুতা দিয়ে বিভিন্ন রকম পণ্য তৈরি করছেন তারা। এ পণ্যগুলো তৈরি করে অর্থ উপার্জন করছেন। এর ফলে তারা আজ আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
কৃষি উদ্যোক্তা শাহিন আলী বলেন, কলাগাছের সুতা থেকে পাপোশ, টেবিলম্যাট, বাজারের ব্যাগ, ওয়ালম্যাট, ভ্যানিটিব্যাগ ও নারী-পুরুষের অলংকারসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয়। এছাড়া পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা এবং এর বর্জ্য থেকে জৈব সার তৈরি করে হচ্ছে। সরকারিভাবে সহায়তা পেলে এই কর্মক্ষেত্র আরো বেকার জনবল নিয়োগ করা সম্ভব হবে।
দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষক নাসরিন খাতুন জানান, গ্রামের অসহায় দরিদ্র নারী এবং ছাত্রীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হচ্ছে। প্রশিক্ষিত হয়ে তারা পরিত্যক্ত কলাগাছ থেকে তৈরি সুতা ব্যবহার করে অত্যন্ত সুন্দর করে নানা রকমের ব্যবহৃত পণ্য বানাচ্ছেন। এই পণ্যগুলো মানসম্মত করে প্রস্তুত করার জন্যই যুব উন্নয়ন এ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, পাটাচোরা গ্রামের কৃষি উদ্যোক্তা শাহিন আলীকে সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ। কারণ তিনি সফল হলে গ্রামীণ জনপদের আর্থ মানবতার উন্নয়ন সম্ভব হবে। কাজ করে অনেক বেকার নারীরা নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। এসব পণ্য তৈরির প্রধান উপাদান কলাগাছ। তাই কলা চাষে এ এলাকার কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আর যারা এসব পণ্য তৈরি করছেন তাদেরকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি আরো বলেন, পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা তৈরি করছেন শাহিন। আর এই সুতা থেকে বিভিন্ন পণ্য তৈরি করছেন স্থানীয় নারীরা। এসব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সেই পণ্য দেশের বাজারে বিক্রির পাশাপাশি স্পেন, ফ্রান্স, কাতারসহ বিভিন্ন দেশে রফতানির করা হচ্ছে।











































