সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজের ঘরে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার ভোররাতে পাটকেলঘাটার এক গ্রামে স্বামী বাড়ি না থাকার সুযোগে গৃহবধূকে (২২) ধর্ষণ করে অভিযুক্ত যুবক আরিফুল ইসলাম।
আরিফুল পাটকেলঘাটা বাজারের পাশে পার-কুমিরা গ্রামের আবুল কালামের ছেলে। সে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে।
গৃহবধূর শাশুড়ি জানান, পেশার তাগিদে তাঁর ছেলেকে প্রায়ই বাইরে থাকতে হয়। শুক্রবার সন্ধ্যার পরে ছেলে বাড়িতে ছিলেন না। রাতে তাঁর পুত্রবধূ ও নাতি এক ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে বিশেষ কৌশলে আরিফুল ঘরে ঢুকে তাঁর পুত্রবধূকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পাশে ঘুমিয়ে থাকা নাতির চিৎকারে তিনি ও তাঁর স্বামীর ঘুম ভেঙে গেলে তারা পুত্রবধূর ঘরে ঢোকার আগেই আরিফুল পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, মাস ছয়েক আগে তাঁর স্বামীর অনুপস্থিতির সুযোগে একইভাবে ঘরের বেড়া কেটে তাঁকে ধর্ষণ করে আরিফুল। এ নিয়ে সালিশ হলে তাঁকে বকাঝকা দিয়ে ক্ষমা করে দেন সালিশকারীরা।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।
পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































