স্পোর্টস রিপোর্টার||
৩৯তম জাতীয় টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপের বালক অনূর্ধ্ব ১৮ একক ও বালিকা অনূর্ধ্ব ১৮ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম বম ও বালিকা এককে খৈ খৈ মারমা চ্যাম্পিয়ন হয়েছেন। চট্টগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বালক এককের ফাইনালে চট্টগ্রামের রামহিম হারিয়েছেন রাজশাহীর নাফিস ইকবালকে। ৪-০ ব্যবধানে ম্যাচ জেতেন রামহিম।
প্রথম দুই সেট ১১-৮ ও পরের দু’টি সেট ১১-৬ ব্যবধানে জেতেন তিনি। বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ মারমা ৪-১ ব্যবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট ১১-৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন তুশী। কিন্তু পরের তিন সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ। আসরের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খৈ খৈ জুটি। দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে।
প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশ্বী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। দ্বিতীয় সেমিফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে হারিয়েছেন জাবেদ ও সোমা জুটিকে।
১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যাবধানে ম্যাচ জিতে সহজে ফাইনাল নিশ্চিত করেন হৃদয় ও খৈ খৈ জুটি। গত ২২শে জুলাই শুরু হওয়া জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আজ মিশ্র দ্বৈতের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।











































