Home আঞ্চলিক সাধারণ মানুষও গ্রামছাড়া ॥ লুটের ভয়ে সরিয়ে নেয়া হচ্ছে গবাদিপশু জিনিসপত্র

সাধারণ মানুষও গ্রামছাড়া ॥ লুটের ভয়ে সরিয়ে নেয়া হচ্ছে গবাদিপশু জিনিসপত্র

17

 

 

সাবজাল হোসেন বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর গ্রামটিতে অজানা এক ভীতি বিরাজ করছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ২ জনকে আটক করেছে পুলিশ। বাকিরা হামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়ছে। ফলে এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে গোপালপুর গ্রামটি। এদিকে লুটের ভয়ে বাড়ির গবাদিপশুসহ আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর গ্রাম ঘুরে দেখা গেছে, আঞ্চলিক যান নছিমন ও ভ্যানে বাড়ির গবাদিপশুসহ জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রামটি একদমই পুরুষ শূন্য হয়ে পড়েছে। এদিকে গ্রামটি পুরুষ শূন্য হওয়ায় আতংকিত হয়ে পড়েছে নারীরা। গ্রামটিতে শুনশান নীরাবতা। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে এ গ্রামের নারীদের। এদিকে যেকোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের সামনে দিয়েই বাড়ির জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন গ্রামবাসীরা। সংঘর্ষের ঘটনায় জড়িত নয় এমন ব্যক্তিও বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। যারা এই সামাজিক দ্বন্দের সাথে জড়িত নয়।

 

গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, গ্রামের প্রায় ৩০০ পরিবার মালামাল লুটের ভয়ে বাড়ির গবাদিপশুসহ জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। যেকোন সময় হামলার আশংকা করছেন তারা। পুরুষ শূন্য হওয়ায় নারীরা আছেন সবচেয়ে বেশি বিপদে।

 

গোপালপুর গ্রামের আশানুর নামে একজন জানান, তিনি লুট হয়ে যাওয়ার ভয়ে বাড়ির আসবাবপত্র ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এর আগেও বিভিন্ন ঝামেলা হওয়ার পর গ্রামে লুট হয়। রাতে আত্মীয় স্বজনের বাড়িতে থাকবেন। বুধবার সংঘর্ষের পরে লুটের ঘটনা ঘটেছে।

 

সুরমানি খাতুন নামে এক নারী জানান, গ্রামের প্রায় ৩০০ পরিবার তাদের বাড়ির জিনিসপত্র আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। রাতে খুব ভয় করছে। যেকোন সময় হামলা করে বাড়ি লুট হতে পারে।

 

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বুধবার দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মালামাল সরিয়ে নিতে গ্রামবাসীদের নিষেধ করা হয়েছে।

 

উল্লেখ্য, বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন চত্ত্বরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন অন্তত ১৫ জন।