শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে প্রবাসফেরত গৃহকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী মঙ্গলবার রাতে শ্যামনগর থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিমকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও চার আসামি হলেন আবুল হোসেন মোল্যা, আবু তাহের, বাবলুল করিম ও ফিরোজ হোসেন।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, কয়েক বছর বিদেশে গৃহকর্মীর কাজ শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। এক পর্যায়ে ঢাকা থেকে একই বাসে বাড়িতে আসার পথে আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে তাঁর পরিচয় হয়। এ সময় স্থানীয় যে কোনো এনজিও সংস্থায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেজাউল তাঁর আস্থা অর্জন করেন। গত ১৩ জুলাই সন্ধ্যার পর চাকরির বিষয়ে কথা বলতে তাঁকে বাড়ি থেকে বাইরে ডেকে নেওয়া হয়। এ সময় আবুল হোসেন মোল্যার সহযোগিতায় অন্ধকার রাস্তা থেকে রেজাউল তাঁকে আইপিএম ক্লাবের পাশের পরিত্যক্ত ভবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।
এজাহারে ভুক্তভোগী আরও উল্লেখ করেন, স্থানীয়দের সহায়তায় ১৪ জুলাই সকালে উদ্ধার হওয়ার পর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে প্রধান অভিযুক্ত রেজাউল করিম দাবি করেন, ওই নারীর সঙ্গে তাঁর পরিচয় নেই। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে তাঁর বিরুদ্ধে এ ধরনের মামলা করা হয়েছে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলাটির তদন্ত কর্মকর্তা মুহাম্মদ হাফিজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।











































