Home জাতীয় ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩ জনের

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩ জনের

13

ঢাকা অফিস।।
একদিন আগে চলতি বছরে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক আক্রান্ত দেখেছে বাংলাদেশ। এর ২৪ ঘণ্টা পেরোতেই একদিনে তিনজনের মৃত্যু হয়েছে, যা এ বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১৪১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৮৭ জনই ঢাকার বাসিন্দা। বাকিরা ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বাসিন্দা। এই নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দুই হাজার ৩৭৬ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে চলতি জুনের প্রথম তিন দিন মৃত্যুশূন্য পার করলেও গত একদিনেই মারা গেছেন তিনজন, যা এ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এতে চলতি বছরে মৃতের সংখ্যা ১৬ জনে ঠেকেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের শুরুতে জানুয়ারিতে ৫৬৬ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। পরের তিন মাস (ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল) আক্রান্তের সংখ্যা দুইশর ঘরে থাকলেও মে মাসে তা হাজার ছাড়িয়ে যায়। একই বার্তা দিচ্ছে চলতি জুনের পরিস্থিতিও। মাসের প্রথম চার দিনে আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। স্বাস্থ্য অধিপ্তরের তথ্য বলছে, ২০১৯ সালের পর ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহতা দেখা যায় গত বছর। যেখানে সরকারি হিসাবেই মারা যায় ২৮১ জন। আক্রান্ত হয় ৬১ হাজারের বেশি।