Home জাতীয় ডিজিটাল আইনের সংশোধন সেপ্টেম্বর নাগাদ: আইনমন্ত্রী

ডিজিটাল আইনের সংশোধন সেপ্টেম্বর নাগাদ: আইনমন্ত্রী

9

ঢাকা অফিস।।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে টেকনিক্যাল নোট পেয়েছি। এসব মতামত বিবেচনা করে আগামী সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে। আর এটা কারও প্রেসক্রিপশনের ওপর নির্ভরশীল নয়। আমরা যখন মনে করেছি যে মিসইউজ হয়েছে, আমরা স্বীকার করেছি এবং সেই মিসইউজকে সংশোধন করার ব্যবস্থা নিচ্ছি।

গতকাল রবিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ‘১৫০তম রিফ্রেসার কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুর্নীতিবিষয়ক মামলার বিচারকাজে সম্পৃক্ত কর্মকর্তাদের জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী ওয়েস্ট মিনিস্টার স্টাইলে পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন মনে করেন যে, তিনি একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি তা করবেন। আমার মনে হয় এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলে দিয়েছেন, নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন, সে ব্যাপারে একটি রূপরেখা তিনি দিয়েই দিয়েছেন।’

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক সদস্য বাংলাদেশ সফরে এসে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই বক্তব্য জাতিসংঘ দিয়েছে বলে আমি মনে করি না। তারা এই বক্তব্য দেওয়ার আগেই ২০১৯ সালের শেষের দিকে আমি বলেছি যে, আলাপ-আলোচনার মাধ্যমে এই আইনের অপব্যবহার বন্ধ করা প্রয়োজন। অপব্যবহার বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধন প্রয়োজন হবে এবং সে বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।