খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক বিশ্বের সাথে খাপ খাইয়ে নিচ্ছে বায়োটেকনোলজি। ৭০ দশকে এটি উৎপত্তির পর আস্তে আস্তে এর প্রভাব ও প্রয়োজনীয়তা বাড়ছে। কৃষি, তথ্যপ্রযুক্তি, খাদ্য, শিল্প কল-কারখানায় এর প্রভাব রয়েছে। বায়োটেকনোলজির কল্যাণে আমরা উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে পারছি। বর্তমানে প্রযুক্তি নির্ভর এই চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব, দূষণ মোকাবেলায় বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বের চাহিদার প্রেক্ষিতে ন্যানো বায়োটেকনোলজির প্রভাব দিন দিন বেড়ে চলছে। গবেষক ও শিক্ষার্থীরা এর প্রতি আকৃষ্ট হচ্ছে। তথ্যপ্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, মৎস্য, খাদ্য সবক্ষেত্রে গবেষণার নতুন নতুন দ্বার খুলছে। আধুনিক বিশ্ব এতে উপকৃত হচ্ছে।
উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে বায়োটেকনোলজি কতটা গুরুত্বপূর্ণ তা এই সেমিনার থেকে উঠে আসবে এবং তা থেকে গবেষণার বিষয়বস্তুর সন্ধান পাওয়া যাবে, আমরা বুঝতে পারবো কোথায় গবেষণা করা প্রয়োজন। যা শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি তৈরি করতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি প্রভাব ফেলবে বলে আমি আশা করি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লবে বায়োটেকনোলজি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
০৪ জুন (রবিবার) সকাল ১০.১৫ মিনিটে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মানে যে সবকিছু রোবটিক্স বা আর্টিফিশিয়াল হবে এমন নয়। ডাটা এবং ইনফরমেশনের মাধ্যমে আমরা যে প্রযুক্তি পাচ্ছি এটাই হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। বায়োটেকনোলজিতে যত ডাটা এবং ইনফরমেশন আছে, তা দিয়ে পৃথিবী বদলে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, আমাদের সামনে ১০ হাজার ভাইরাস অপেক্ষা করছে। এগুলো খুব শীঘ্রই চলে আসবে। আমাদের এখন প্রযুক্তি ব্যবহারে সতর্ক হতে হবে। প্রযুক্তি যাতে মানুষের কল্যাণে আসে এবং আমরা যাতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি সেজন্য নিজেদেরকে স্মার্ট হতে হবে।
বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্লান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজির সভাপতি প্রফেসর ড. রাখা হরি সরকার। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্লান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজির সভাপতি প্রফেসর ড. রাখা হরি সরকার, বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. অরুণ কান্তি বোস এবং পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার উপ-পরিচালক মো. আসাদুজ্জামান। সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
খুবির দুই কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান
খবর বিজ্ঞপ্তি।।
শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে শুদ্ধাচার সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক কর্মকর্তার মধ্যে জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (পিআরএল) এস এম আতিয়ার রহমান ও প্রায় চারশ’ কর্মচারীর মধ্যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন এই সম্মাননা পেয়েছেন।
০৪ জুন (রবিবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, সম্মাননা জোর করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। এই সম্মাননা অমূল্য। এই অর্জন সারাজীবনের জন্য। এই সম্মাননা নিজেকে যেমনি উৎসাহিত করে, তেমনি এটি দেখে অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুপ্রাণিত হন।
তিনি বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র পরিবর্তনের ছাপ লক্ষ্য করা যায়। কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিস করছেন, যথাসময়ে কাজ সম্পাদিত হচ্ছে। এটি একটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম সূচক। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা গর্ববোধ করি। এখানকার অনেক কিছুই ব্যতিক্রম, স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। আমরা যেনো কাজে ও কথায় সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি।
উপাচার্য বলেন, শুদ্ধাচার সম্মাননা যারা পেয়েছেন তাঁরা যেমনি গর্বিত, তেমনি এই সম্মাননা দিতে পেরে প্রতিষ্ঠানও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের কাজের ক্ষেত্রে এই সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সকলের ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের এপিএর সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল ইসলাম তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান ও প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিয়ার রহমান ও সম্মাননাপ্রাপ্ত কর্মচারী মো. আনোয়ার হোসেন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। তাঁরা সর্বসম্মতভাবে তাদেরকে শুদ্ধাচার সম্মাননার জন্য মনোনীত করায় উপাচার্যসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।










































