Home আঞ্চলিক ‘অস্বচ্ছ নির্বাচন কমিশনকে’ আগুয়ান-৭১ এর প্রত্যাখ্যান

‘অস্বচ্ছ নির্বাচন কমিশনকে’ আগুয়ান-৭১ এর প্রত্যাখ্যান

13

স্টাফ রিপোর্টার।।

উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুয়ান-৭১ এর প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরীর মনোনয়ন বাতিলের মাধ্যমে নির্বাচন কমিশন আবারও প্রমাণ করেছে যে, পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং এই কমিশনের অধীন কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আগুয়ান-৭১ এর নেতারা।

শুক্রবার (২৬ মে) স্বেচ্ছাসেবী সংগঠন আগুয়ান-৭১ মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরীর মনোনয়পত্র বাতিলের প্রেক্ষিতে এক জরুরি সভায় এ কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, নির্বাচন কমিশন তিনজন সমর্থকের তথ্যের ত্রুটির কথা উল্লেখ করে মনোনয়ন বাতিল করে। যার বিরুদ্ধে আগুয়ান-৭১ আপিল করে এবং সমর্থকরা স্বশরীরে আপিল বিভাগে উপস্থিত থেকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু তাদের বক্তব্য গ্রহণ করা হয়নি। যা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত এবং তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে বাধা সৃষ্টির অসৎ পরিকল্পনা।

অথচ প্রতীক বরাদ্দের পূর্বেই সরকারি দলের প্রার্থীর সীমাহীন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নেই। গত ১৩ মে আবাহনী ক্রীড়াচক্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রার্থীর নিজের উপস্থিতিতে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এ ঘটনা গণমাধ্যমে ফলাওভাবে প্রচার হলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

আগুয়ান-৭১ এই অস্বচ্ছ নির্বাচন কমিশন ও কমিশনের অধীন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। নির্বাচন কমিশনের এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে আগুয়ান-৭১ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।