নওয়াব আলী মাগুরা।।
মাগুরার শালিখাতে ভার্মি কম্পোস্ট সার এর উপর দুই দিন ব্যাপি প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দুইদিন ব্যাপী প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের গত সোমবার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, মাটির জৈব উপাদান যথাযথ মাত্রায় রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তিনি কৃষকদের মাঝে এই সারটি আরও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সারের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়বে যার সুফল ভোগ করবে দেশের আপামর জনগণ। তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে তাদের এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে অনেক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
পরে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।











































