স্টাফ রিপোর্টার।।
দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে ভিকটিমের আগের ঘরের ছেলেসহ ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস। ভিকটিম অন্তঃসত্ত্বা হওয়ায় যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় থানায় মামলা হয়। সোমবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান বিয়ের আদেশ দিলে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়।
ট্রাইব্যুনালটির স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, ২০২০ সালে ভিকটিমের সঙ্গে রাজু শেখের পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ভিকটিমের আগের ঘরের ছেলেসহ তাকে নিয়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেন রাজু। বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রাজু তাকে সন্তান নষ্ট করতে বলেন। এরপর থেকে ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
পরে ভিকটিম জানতে পারেন, ২০২১ সালের ১৬ জুন রাজু অন্য মেয়েকে বিয়ে করেছেন। ভিকটিম রাজুকে ফোন দিলে রিসিভ করতেন না। একবার রিসিভ করে বলেন, তোর গর্ভের সন্তান নষ্ট করে ফেল। আর কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবি না।
এরপর সেই বছরের ২০ জুন ভিকটিম লবণচরা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আজ সোমবার বিচারক ভিকটিমের সঙ্গে ধর্ষক রাজুর বিয়ের আদেশ দেন। পরে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়।











































