Home বিনোদন পূর্ণিমার এই ছবিটি ঈদে মুক্তি দিতে চাইছেন পরিচালক

পূর্ণিমার এই ছবিটি ঈদে মুক্তি দিতে চাইছেন পরিচালক

8

বিনোদন ডেস্ক।।
বিরতির পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দিলারা হানিফ পূর্ণিমা অভিনীত সিনেমা ‘আহারে জীবন’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। অনুদানের এ সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ। সিনেমা মুক্তির খবর জানিয়ে সমকালকে তিনি বলেন, ‘সিনেমার কিছু দৃশ্যধারণ বাকি। শিগগিরই এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছি।’

‘আহারে জীবন’ ছাড়াও আসছে ঈদে প্রথমবার ওয়েব সিরিজেও দেখা যাবে পূর্ণিমাকে। কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামে এ সিরিজে তিনি অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। চলচ্চিত্রে এখন আর নিয়মিত অভিনয় করছেন না পূর্ণিমা। নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্টে তাঁর দেখা মেলে। পাশাপাশি উপস্থাপনাও করেছেন তিনি।

 

পূর্ণিমা বলেন, “গুণী নির্মাতা ছটকু আহমেদের আগ্রহেই ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেছি। কাজের অভিজ্ঞতাও ভালো ছিল। শুনেছি, সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। ঈদে সিনেমার মুক্তি মানে অন্য রকম ব্যাপার। আশা করছি, এটি দর্শকের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।”

রুপালি পর্দার পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। এছাড়া তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।