ঢাকা অফিস।।
১৫ বছর আগে খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে (২৮) হত্যার মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় সাবিনার মা সখিনা বেগম পরদিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০০৭ সালের ২১ এপ্রিল আদালতে চার্জশিট পুলিশ দাখিল করে। এই হত্যা মামলায় ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদণ্ডাদেশ দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য আসামিে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল ও জেল আপিল করেন। বৃহস্পতিবার উভয় আবেদনের শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।










































