মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় ছাত্রলীগের এক নেতার করা মামলায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ২৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এ আদেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ২৩ নেতাকর্মী আদালতে জামিন নিতে গেলে তাদের জেলহাজতে পাঠানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, সরকারদলীয় নেতার ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপি নেতাকর্মীদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের অংসখ্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যাতে তারা এই সরকারের অন্যায়, অবিচার, অত্যার, দুঃশাসনের বিরুদ্ধে কথা না বলতে পারেন।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট বিএনপির সমাবেশের সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মাগুরা আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ছাত্রদল ও বিএনপির ওই ২৩ নেতাকর্মীর নামে মামলা করেন।










































