Home আঞ্চলিক বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ, দাবি পরিবারের

বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ, দাবি পরিবারের

9

মাগুরা প্রতিনিধি।।
বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত মাগুরার ৬ জন নিখোঁজ রয়েছে বলে পরিবারগুলো দাবি করেছে। জেলার মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতী, খলিসাখালি ও রঘুনাথপুর গ্রামের নিখোঁজদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

ডুবে যাওয়ার সময় এমভি সুলতান সানজার জাহাজটিতে কর্মরত মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামের রুবেল এবং খলিসাখালী গ্রামের রবিউল ইসলাম সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়।

মোবাইল ফোনে তারা জানান, জাহাজটিতে মাগুরার মহম্মদপুর উপজেলার আরও ৬ জন কর্মরত ছিলেন। জেলার মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের নূরোল হোসেন মোল্যার ছেলে শিমুল ও জাহিদ, খসরু বিশ্বাসের ছেলে সুরুজ, গোলাম রসূল মোল্যার ছেলে নূর মোহাম্মদ এবং একই উপজেলার খলিসাখালি গ্রামের কামাল মোল্যার ছেলে মনির হোসেন ও বাবুখালী গ্রামের রঘুনাথপুর আকরাম হোসেনের ছেলে নাজমুল। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার সময় এমভি সুলতান সানজার জাহাজে থাকা মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রামের লুলু মিয়ার ছেলে রুবেল। তিনি বলেন, আমরা পাথর নিয়ে জাহাজে করে যাচ্ছিলাম। কিন্তু চট্টগ্রাম এলাকার বঙ্গোপসাগরের বহির্নোঙরে পেছন থেকে অন্য জাহাজ আঘাত করে। সে সময় আমাদের এমভি সুলতান সানজার জাহাজের মধ্যে মাগুরার মোট ৮ জন ছিল। আমার সঙ্গে রবিউল কূলে উঠলেও অন্য ৬ জনের খবর পাওয়া যাচ্ছে না। তারা নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরার নিখোঁজ ওই পরিবারগুলোতে গিয়ে দেখা যায় সেখানে চলছে শোকের মাতম। তারা প্রত্যেকেই ঈদের ছুটির পর চট্টগ্রামে ওই জাহাজটিতে কাজের জন্যে যায়।

মণ্ডলগাতি গ্রামের নিখোঁজ শিমুল ও জাহিদের মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলেরা বুধবার সকালে মোবাইল ফোনে কথা বলে কাজে গেছে। পরে কথা বলবে জানালেও আর কথা হয়নি। এখন শুনছি তাদের জাহাজ ডুবে গেছে।

একইভাবে অন্যান্যদের পরিবারে গিয়েও দেখা যায়, প্রতিটি পরিবার শোকগ্রস্ত। তারা নিজ নিজ পরিবারের নিখোঁজ সন্তানদের সন্ধান চেয়েছেন।

এ বিষয়ে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় মাগুরার কেউ সেখানে কর্মরত ছিলেন এবং তাদের নিখোঁজ কিংবা উদ্ধারের কোনো তথ্যই অফিসিয়ালি আমাদের কাছে নেই। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।