স্টাফ রিপোর্টার।।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দুপুর ১টা ১০ মিনিটে তাকে খুলনা কারাগারে নেওয়া হয়।
কারাগারের ডেপুটি জেলার মো. ফখরুদ্দিন বলেন, বিভাগীয় স্পেশাল আদালতের ৯/১১ মামলায় তরিকুল ইসলামকে হাজতি হিসেবে দুপুরে কারাগারে আনা হয়। তার পিতার নাম রজব আলী। তিনি বাগেরহাটের খান জাহান আলী মাঝার দীঘির পাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে।
উল্লেখ্য, আয়ের উৎস গোপন ও অসত্য তথ্য দেওয়ার মাধ্যমে ফকির তরিকুল ইসলাম বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে প্রায় ৭০ লাখ সাত হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ এনে ২০০৯ সালের ১০ এপ্রিল মামলা দায়ের করা হয়। তিনি ১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ছিলেন। খুলনা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাগেরহাট সদর থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, ফকির তারিকুল ইসলাম বিগত জোট সরকারের সময়ে প্রভাব খাটিয়ে অসৎভাবে এ অর্থ আয় করেন। দুদক প্রাথমিক অনুসন্ধানের জন্য ২০০৮ সালের ৯ আগস্ট ফকির তারিকুল ইসলামকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেয়। ১৩ আগস্ট তিনি ৩২ লাখ ৭৪ হাজার ৭৪১ টাকা দুই পয়সার সম্পদ বিবরণী দাখিল করেন। এজাহারে বলা হয়, দুদক তদন্ত করে জানতে পারে ফকির তরিকুল তার সম্পদ ও সম্পত্তির মূল্য নির্ধারণের ক্ষেত্রে ৪৬ লাখ ৫৬ হাজার ২৯২ টাকার তথ্য গোপন করেছেন। সে হিসেবে তার মোট আয় হয় ৭৯ লাখ ৩১ হাজার ৩৩ টাকা দুই পয়সা। ২০০৭-০৮ অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৮৫০ টাকা। এই মামলার বিচার চলাকালে তরিকুল ইসলাম পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সম্প্রতি তিনি দেশে আসেন এবং ১১ অক্টোবর খুলনায় আদালতে আত্মসমর্পণ করেন।










































