স্টাফ রিপোর্টার||
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) আওতায় সৌরশক্তি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার আবদুল মান্নানকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে আত্মসাৎ করা ২ লাখ ৭৬ হাজার ৬২২ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আবদুল মান্নান সাতক্ষীরার কালীগঞ্জের সৌর শক্তি উন্নয়ন প্রকল্পের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আবদুল মান্নান আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২২ মার্চ থেকে ২০১২ সাল পর্যন্ত কালীগঞ্জ শাখায় কর্মরত থাকাকালে আবদুল মান্নান সৌর প্যানেলের ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ২ লাখ ৭৬ হাজার ৬২২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় প্রকল্পের উপজেলা শাখা কর্মকর্তা আবদুল মাজেদ ২০১২ সালে ২৭ জুন সাতক্ষীরার কালীগঞ্জ থানায় মামলা করেন। দুদকের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।










































