Home আঞ্চলিক সহায়তার নাম করে তোলা হয় শত শত সিমকার্ড

সহায়তার নাম করে তোলা হয় শত শত সিমকার্ড

5

শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি||
প্রতারকদের ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি আবাসন প্রকল্প ও একটি আদিবাসী পল্লির বাসিন্দারা। তাঁদের নামে তোলা মোবাইল ফোনের শত শত সিমকার্ড নানা অপকর্মে ব্যবহূত হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন। ইতোমধ্যে কয়েকটি সিমকার্ডের বিপরীতে খোলা মোবাইল ব্যাংকিং হিসাব প্রতারণায় ব্যবহূত হওয়ার অভিযোগ এসেছে। এরপর ভুক্তভোগীরা হয়রানির আতঙ্কে পড়েছেন।
উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা সরকারি আবাসন প্রকল্পের সভাপতি আলাউদ্দিন মণ্ডল বলেন, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাঁচ ব্যক্তি এসে বাসিন্দাদের নামে বিদেশ থেকে টাকা আসবে বলে জানান। এ জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল ফোনের নতুন সিমকার্ড তোলার কথা বলেন। পরদিন ভোটার আইডি কার্ড ও এক কপি করে ছবি নিয়ে হাজির হতে বলেন তাঁরা। ওই ব্যক্তিদের কথামতো পরদিন আবাসন প্রকল্পের ৭০টি ঘরের প্রায় ২০০ বাসিন্দা হাজির হন। তখন নতুন সিমকার্ড তোলার যন্ত্রে তাঁদের আঙুলের ছাপ নিয়ে নতুন নম্বর খোলা হয়। ওই ব্যক্তিরা সেদিন বলে যান, নতুন নম্বরে প্রত্যেকে ৩ হাজার করে টাকা পাবেন। টাকাসহ সিমকার্ড ফেরত দিয়ে যাবেন। তবে ওই ব্যক্তিরা আর আসেননি। সম্প্রতি ওইসব সিমকার্ডের মাধ্যমে খোলা কয়েকটি মোবাইল ব্যাংকিং নম্বর দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। তাঁর ধারণা, ওই ব্যক্তিরাই প্রতারণায় জড়িত।
আবাসনের বাসিন্দা রিপন হোসেন বলেন, অপরিচিত ব্যক্তিরা তাঁর স্ত্রী রেশমা খাতুনের নামেও একটি সিমকার্ড খুলেছিল। সম্প্রতি ঢাকার সাভারের এক বাসিন্দা শৈলকুপা থানায় ওই নম্বর দিয়ে বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। অথচ তাঁর স্ত্রী মোবাইল ফোনই ব্যবহার করেন না। পুলিশ বিষয়টির তদন্তে আসলে আবাসনের বাসিন্দারা তাঁদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন।
ওই ইউনিয়নের খুলুমবাড়ি আদিবাসী পল্লির সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস জানান, এক বছর আগে তিন ব্যক্তি এসে জানান, সেনাবাহিনীর এক কর্মকর্তা টাকা দেবেন। তাই প্রত্যেকের নতুন সিমকার্ড ও মোবাইল ব্যাংকিং নম্বর লাগবে। পরে তাঁরা সিম তোলার যন্ত্রে আইডি কার্ড দিয়ে আঙুলের ছাপ নিয়ে যান। অথচ এখন তাঁদের নামে তোলা সিমকার্ড দিয়ে ৪০-৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছে থানা থেকে। ওই পল্লির ৭৬ জনের আঙুলের ছাপ নিয়ে সিমকার্ড তোলা হয়েছিল।
হাকিমপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকু বলেন, বিষয়টি শুনেছেন তিনি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঢাকার সাভার থানা থেকে পূর্ব মাদলা আবাসনের এক নারীর নামে তোলা সিমকার্ডে মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। সিম তোলার বিষয়টিরও তদন্ত চলছে।