Home আঞ্চলিক কালীগঞ্জে প্রতারকের ফাঁদে গৃহিনী খোয়ালেন স্বর্ণালংকার মোবাইল টাকা

কালীগঞ্জে প্রতারকের ফাঁদে গৃহিনী খোয়ালেন স্বর্ণালংকার মোবাইল টাকা

8

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ঈদের কেনাকাটায় এসে প্রতারকের ফাঁদে পড়ে দিনদুপুরে সর্বস্ব খোয়ালেন মধ্যবয়সী এক গৃহিনী। রবিবার সকাল ১১ টার দিকে শহরের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল সেট, স্বর্ণের ৮ আনা ওজনের একটি চেইন, ৩ আনা ওজনের একটি আংটি ও একই ওজনের একটি কানের দুল নিয়ে গেছে ওই প্রতারক। ভুক্তভোগী রিয়া খাতুন উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেস আলীর স্ত্রী।

রিয়া খাতুন জানান,রোববার সকাল ১১ টার দিকে তিনি ঈদের কেনা কাটা করতে কালীগঞ্জ শহরে আসেন। তিনি শহরের জনতা মোড়ে আসলে অপরিচিত এক যুবক তার পরিচিত বলে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারক তাকে কৌশলে ন্যাশনাল মেডিকেলের পিছনের গলিতে নিয়ে বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করে হালকা চেতনা হারান। এরপর তিনি হতভম্ব বাকরুদ্ধ হয়ে ওই প্রতারকের কথায় ৩ ধরনের স্বর্ণালংকার,৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল সেট স্বেচ্ছায় ওই প্রতারকের হাতে তুলে দেন। এরপর ওই প্রতারক সটকে পড়লে কিছুক্ষন পরে তার স্মৃতিশক্তি ফিরলে লোকজনের সামনে ঘটনাটি খুলে বললে তারা আশপাশে খুঁজে পাননি। পরে এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, ঈদ সামনে করে প্রতারকরা মাথা চাড়া দিতে শুরু করেছে। অভিনব প্রতারনায় তারা বিশেষ ধরনের মেডিসিন ব্যবহার করেছে বলে পুলিশ ধারনা করছে। তিনি বলেন, রিয়া খাতুনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ছিনতাই কারীকে সনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রতারকদের দমনে শহরে পুলিশের পেট্রোল ডিউটি জোরদার করা হয়েছে।