Home আঞ্চলিক মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে চান না কালীগঞ্জের প্রতিবন্ধি সাইদুল

মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে চান না কালীগঞ্জের প্রতিবন্ধি সাইদুল

29

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাওয়া লজ্জাস্কর। তারপরও কোন কোন সময়ে বাধ্য হতে হয়। হাত পেতে যাদের কাছে ভিক্ষা চাওয়া হয় তারাও আমার মত রক্ত মাংসের শরীর। তাদের সঙ্গে পার্থক্য হলো এক পা পঙ্গু তাই অসহায়ত্বের জীবন আমার। তবু খেয়ে বেঁচে থাকতে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। কিন্ত এ পথে আর চলতে চাই না। এখন থেকে কাজ করে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই। অন্যদেরকে দেখাতে চাই প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। সে কারনে আমার প্রয়োজন ছোট্ট একটি মুদি দোকান। যেখানকার রোজগারে দুবেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারবো কথাগুলো প্রতিবন্ধি ভিক্ষুক সাইদুল ইসলামের। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে ঝুঁপড়ি ঘরে বসবাস করে।

শুক্রবার ক্র্যাচে ভর করে শহরে ভিক্ষা করতে আসা এক পা পঙ্গু সাইদুল ইসলাম জানান, যৌবনকালে সংসার নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। সে সময়ে অন্যের দোকানে কর্মচারীর কাজ করে সংসার চালাতেন। কিন্ত একটি দূর্ঘটনায় তার এক পায়ের বেশিরভাগ অংশ কেটে যায়। পয়সার অভাবে ঠিকমত চিকিৎসা না করাতে পেরে সেখান থেকে পঁচন ধরে। কিছুদিন পরে পা কেটে বিচ্ছিন্ন করে দেয় চিকিৎসক। এরপর থেকে শুরু হয় তার পঙ্গুত্বের অসহায় জীবন। বর্তমানে বয়স এখন (৪৫)। সাথী ও বিথি নামের দুই সন্তান মিলে মোট ৪ সদস্যের সংসার তাদের। বাধ্য হয়ে বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তির পথ। যে কাজে নুন্যতম কোন সম্মান নেই। তারপরও সন্তানেরা এখন বড় হচ্ছে। সমাজে যাদের পরিচয় ভিক্ষুকের সন্তান হিসেবে। ফলে ভিক্ষুকের অপবাদ থেকে পরিবারকে বাঁচাতে হবে। তাই ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসার জন্য নতুন পথের সন্ধান খুঁজছেন।

সাইদুল ইসলামের স্ত্রী পলি খাতুন জানান,সারাদিনে ভিক্ষার মাধ্যমে অল্প কিছু আয় করেন। প্রতিবন্ধি ভাতা পান । কিন্তু তবুও ৪ সদস্যের সংসারে ভরন পোষনে সব সময় টানা পোড়েন লেগেই থাকে। সে কারনে তাকেও অন্যের বাড়িতে কাজ করতে হয়। সে জানায়, ২ সন্তানের মধ্যে বড় ছেলে সাথী। তার বয়স ১৪ বছর গ্রামের ব্রাক স্কুলে ৩য় শ্রেনীতে পড়ছে। আর মেয়ে বিথি প্রতিবন্ধি হওয়াতে মাদ্রাসা থেকে এনে তাকেও ওই ব্রাক স্কুলে ১ম শ্রেনীতে ভর্তি করেছেন।

পলি আরও জানান, তার পিতার দেওয়া মাত্র ২ শতক জমিতেই কোন রকমে ঝুপড়ি ঘর করে বসবাস করছেন। স্বামীর ভিক্ষাবৃত্তির পেশার প্রভাব সন্তানদের উপরেও পড়ছে। সেটা তার কাছেও কষ্টদায়ক। তাই তিনিও চান তার স্বামী যেন ছোট খাট কোন কর্মের মাধ্যমে ভিক্ষাবৃত্তির পরিচয়টা ঘোচাতে পারেন।

সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুজ্জামান অদু জানান, পঙ্গু সাইদুলের পরিবারটি বেশ অসহায়। ভিক্ষা করেই চলে তাদের সংসার। এখন ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে সাইদুলের ইচ্ছাটি পূরনে তিনি সাধ্যমত চেষ্টা করবেন।