Home আঞ্চলিক যুবলীগ নেতা খুন, আ.লীগ নেতাকে প্রধান আসামী করে মামলা

যুবলীগ নেতা খুন, আ.লীগ নেতাকে প্রধান আসামী করে মামলা

11

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলার বকুলতলা এলাকায় যুবলীগ নেতাকে খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হত্যা মামলা দায়ের করেন নিহত যুবলীগ নেতার বড় ভাই কাদের সরদার। ওই এলাকার একটি বিবদমান চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ স্থানীয় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখ গংয়ের হামলায় যুবলীগ নেতা মোতাহার সরদার নিহত হন।

মামলার বাদী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ গং বকুলতলা এলাকার যুবলীগ নেতা মোতাহার সরদারদের চিংড়ি দখল নিতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা মোতাহারসহ তার সাথে থাকা আরো ৬ জনকে কুপিয়ে জখম করেন। আহত ৭ জনের মধ্যে মোতাহার ঘটনার রাতেই মারা যান। এ হত্যাকান্ডের দুইদিন পর খুন হওয়া মোতাহারের বড় ভাই কাদের সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইউপি মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ শেখকে প্রধান আসামী করা হয়েছে। এতে আসামী করা হয়েছে ২১ জনের নাম উল্লেখ করে। আর অজ্ঞাত আসামী রয়েছে ১০/১৫ জন। এদিকে এ মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদেরকে দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো হালিম শেখ, হোসেন হাওলাদার, আসমাউল শেখ, রুবেল হাওলাদার ও সরোয়ার শেখ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলায় খুনের ঘটনায় ইউপি মেম্বর আব্দুল্লাহকে প্রধান আসামী করে ২১ জনের নামসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এ মামলার ৫ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।