Home আঞ্চলিক খুলনায় ব্যাংক থেকে টিসিবি ডিলারের টাকা ছিনতাইয়ের চেষ্টা : অতঃপর উদ্ধার

খুলনায় ব্যাংক থেকে টিসিবি ডিলারের টাকা ছিনতাইয়ের চেষ্টা : অতঃপর উদ্ধার

17

স্টাফ রিপোর্টার ।।

খুলনায় ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় টিসিবি’র এক ডিলারের ৩ লাখ ২৫ হাজার টাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে এক যুবক। কিন্তু তাৎক্ষনিক নিরাপত্তা প্রহরীসহ অন্যদের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে টাকা উদ্ধার করা হয়। এ ঘটনা বৃহস্পতিবার বেলা ১২ টায় সোনালী ব্যাংক, স্যার ইকবাল রোড শাখায় ঘটে। আটক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খুলনার তেরখাদা উপজেলার কুলা বাজারের টিসিবি’র ডিলার ওসিউল্লাহ ও তার ভাই সিরাজুল্লাহ টিসিবি’র পণ্য উত্তোলন করার লক্ষে সোনালী ব্যাংক, খুলনার স্যার ইকবাল রোড শাখায় টাকা জমা দিতে আসেন। এসময় ব্যাংকের মধ্যে বসে টাকা পাশে রেখে ব্যাংকের ফরম পূরণ করছিলেন। হঠাৎ এক যুবক ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ব্যাংকের প্রহরী আনসার সদস্য শেখ রেজোয়ান ও ভুক্তভোগী দুই ভাই তাকে ধাওয়া করে কালীবাড়ি বাজার থেকে উক্ত টাকাসহ তাকে আটক করে। পরে ছিনতাইকারীকে খুলনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ব্যাংকের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীকে হাতে-নাতে ধরে পুলিশে দেয়া হয়েছে।
খুলনা থানার সেকেন্ড অফিসার হানিফ বলেন, আটককৃত ছিনতাইকারীকে নেশাগ্রস্ত মনে হচ্ছে। সে তার নাম-পরিচয় একক সময় একক রকম বলছে। এছাড়া টাকা উদ্ধার হওয়ায় ভূক্তভোগিরা এ বিষয়ে মামলা করতে রাজি হচ্ছে না।