ক্রীড়া প্রতিবেদক।।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই দল থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়। প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন তিনি।আর তার এই ইনজুরি গুরুতর হওয়ায় সিরিজ থেকেই ছিঁটকে গেলন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, জয়কে ৭ থেকে ১০ দিনের পর্যবেক্ষণে রাখা হবে।
বায়েজিদ বলেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান, তার ডান হাতের তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝে। এখানে থাকা আমাদের ডাক্তার তা সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে তার হাতে। ৭ থেকে ১০ দিন তাকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধও দেওয়া হয়েছে।’
জয়ের ছিটকে পড়া বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ। প্রথম ইনিংসে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন। বাংলাদেশকে গড়ে দিয়েছিলেন বড় রানের ভিত। পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ২২৮ বলে ৭ চারে তিনি ৭৮ রান করেছিলেন।










































