মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।
নমিতা সরদার, বয়স ১৮ বছরের কম। একাদশ শ্রেণীর এই ছাত্রীর এক হাতে পরিবার চালানোর ভার, অন্য হাতে বই। মা ও বোনকে নিয়ে সংগ্রামী জীবন তার। পরিবারের দ্বায়িত্ব ভার গ্রহনের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালী গরুর হাট গ্রামের মৃত তারাপদ সরদারের মেঝে মেয়ে নমিতা সরদার সে বাজুয়া এস এন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আর্থিক অভাব-অনটনের মধ্যেও সে এস এস সি পরীক্ষায় সুনামের সঙ্গে কৃতকার্য হয়। নমিতার বাবা তারাপদ চায়ের দোকান চালাতেন। পরে চোখের দৃষ্টি হারিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েন তিনি। টাকার অভাবে চোখের অপারেশন করতে পারেননি। ঠিক মতো চিকিৎসা করাতে না পারায় বছর তিন আগে সে মারা যায়। মা করুণা সরদার বৃদ্ধা এবং শারীরিকভাবে অক্ষম। তিন বোনের মধ্যে বড় বোনকে বাবা বেঁচে থাকা অবস্থায় বিয়ে দিয়ে যান। নমিতা তার ছোট বোন অনিতা সরদার ও মাকে নিয়ে তার সংসার। তাই উপায়ন্তর না পেয়ে নিজের, বোনের ও মায়ের পেটের তাগিদে নমিতা সরদার হাতে তুলে নিয়েছেন গরম চায়ের কেতলি। এভাবেই চলছে দুই বোনের লেখা-পড়া ও বেঁচে থাকার সংগ্রামী জীবন।










































