Home জাতীয় ইউপি ভোটে সহিংসতা বাড়ছেই: পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে...

ইউপি ভোটে সহিংসতা বাড়ছেই: পুলিশ কী কী পদক্ষেপ নিয়েছে জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ইসি’র

9

ঢাকা অফিস ।।

ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ধাপে ধাপে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতার ঘটনা। নির্বাচনে সহিংসতা এড়াতে স্থানীয় পুলিশ কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে হতাহত হওয়া এবং ক্রমশ তা বৃদ্ধি পাওয়ার খবর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। তাছাড়া নির্বাচনের দিন, আগে ও পরে দেশীয় অস্ত্র প্রদর্শনের মহড়া, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার, সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি ইত্যাদি সম্পর্কেও বিভিন্ন মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকশিত হচ্ছে। উল্লেখিত সংবাদ ও প্রতিবেদনের প্রেক্ষিতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশের উপর প্রভাব পড়ছে। দেশীয় অস্ত্রের মহড়া, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার কঠোরভাবে দমন তথা নির্বাচনকালীন সন্ত্রাসী কার্যক্রম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কমিশন বিশেষভাবে নির্দেশ দিয়েছে। এই লক্ষ্যে স্থানীয় পুলিশ অদ্যাবধি কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা কমিশনকে অবহিত করার জন্যও সিদ্ধান্ত দিয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশের পদক্ষেপ সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয় ওই চিঠিতে।

নির্বাচনে সহিংতায় জড়িতদের বিচারের সম্মুখীন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও সোমবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।