খুলনাঞ্চল রিপোর্ট।।
যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এবং ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর বর্ধিত টোল আদায় কার্যকর হচ্ছে সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকেই। গত ২ নভেম্বর এ দুই সেতুর টোল গড়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের সেতু বিভাগ। এরমধ্যে সোমবার পৃথক প্রজ্ঞাপনে বর্ধিত টোল আদায় কার্যকরের কথা জানানো হয়।
বঙ্গবন্ধু সেতু দেশের উত্তরাঞ্চলকে ঢাকাসহ দেশের সংগে যুক্ত করেছে। এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই সেতুর টোল একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ বর্ধিত টোল হার কার্যকর হয় ২০১২ সালে। অন্যদিকে মুক্তারপুর সেতুর মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের সংযোগ স্থাপিত হয়েছে। এর নাম ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এটি ২০০৮ সালে চালু হয়েছে। চালুর পর এই প্রথম এই সেতুর টোলের হার বাড়ানো হচ্ছে।
বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হার হবে ৫০ টাকা। এখন এই হার ৪০ টাকা। কার ও জিপের এখন টোল লাগছে ৫৫০ টাকা। আগে এই যানের টোল ছিল ৫০০ টাকা। ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল হবে ১০০০ টাকা। আগে বড় বাসের টোল ছিল ৯০০ টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০০০ টাকা। মাঝারি ট্রাকের টোল বর্তমানে ১ হাজার ১০০ টাকা। নতুন টোল হারে মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ধরা হয়েছে ১ হাজার ২৫০ টাকা। ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। এর চেয়ে বড় ট্রাক ও টেইলরের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা।
মুক্তারপুর সেতুর টোল ১০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কার/টেম্পোর টোল ধরা হয়েছে ৫০ টাকা। যা আগে ৪০ টাকা ছিল। ছোট ও বড় বাসের টোল ৫০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে দেড় শ ও আড়াই শ টাকা করা হয়েছে। ট্রাকের টোলও ৫০ টাকা বেড়েছে। আগে ট্রেইলরের জন্য আলাদা টোল হার না থাকলেও নতুন করে তা যুক্ত হয়েছে। এগুলোর শ্রেণিভেদে টোলের হার ৬০০ থেকে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষ ১৭ শতাংশ টোল বাড়ানোর কথা বললেও বিশ্নেষণ করে দেখা গেছে, বড় পণ্যবাহী যানবাহনে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহে ধর্মঘটে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের অন্যতম দাবি ছিলো এই দুই সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।










































