বিনোদন ডেস্ক ||
প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ারে ছোট ও বড়পর্দায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। সময়ের সঙ্গে বদলেছে তার চরিত্রের ধরনও। একসময় নায়িকা চরিত্রে নিয়মিত দেখা গেলেও এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর মতো চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ সিরিজে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।
দীপা খন্দকার সোশ্যাল মিডিয়াতেও দারুণ সরব। কাজের খবর জানানোর পাশাপাশি ব্যক্তিগত ভাবনার কথাও এ মাধ্যমে শেয়ার করে থাকেন। গতকাল দিবাগত রাতে তার দেওয়া একটি পোস্ট বেশ নজর কেড়েছে। এতে দীপা খন্দকার লেখেন, “সময় অবস্থান আর সম্পর্ক ভেদে মানুষের কত রূপ দেখা যায়।”
দীপা খন্দকারের এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন তার সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। জামান নামে একজন লেখেন, “আসলেই তাই! অনেক অনেক শুভকামনা রইল।” মামুন অর রশিদ মামুন লেখেন, “অসাধারণ লিখেছেন! আসলেই মানুষ কোনো নির্দিষ্ট ছাঁচে গড়া নয়। পরিস্থিতি আর সম্পর্কের আয়নাতেই মানুষের আসল রূপগুলো একেক সময় একেকভাবে প্রকাশ পায় আমার প্রিয় আপু।”
আশরাফ হোসেন লেখেন, “চমৎকার অভিব্যক্তি।” দীপা খন্দকারের পোস্ট করা ছবির প্রশংসা করে উজ্জ্বল লেখেন, “কি পবিত্র মুখ।” কয়েক দিন আগে শুরু হয়েছে ‘ফিরে আসার গল্প’ শিরোনামে নতুন ধারাবাহিক। এতে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাকে। এ বিষয়ে সোহেল রানা লেখেন, “নেগেটিভ চরিত্রে আপনাকে পছন্দ না। জাতীয় ফুফুই ভালো।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে দীপা খন্দকার হঠাৎ কেন এমন ভাবনার কথা ভাগ করে নিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের সাফল্যের পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। ‘এটা আমাদেরই গল্প’-এ খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, দীপা খন্দকার, নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ কয়েকজন অভিনয়শিল্পী আলোচনায় ছিলেন। নতুন ধারাবাহিকটিতে তাদের সবাইকে দেখা যাচ্ছে না। তবে দীপা খন্দকার, খায়রুল বাসার, মনিরা মিঠুসহ বেশ কয়েকজন আছেন।
গত ৭ অক্টোবর চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকের। পূর্বের মতো এ ধারাবাহিকও এরই মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে। এ নাটকের সবচেয়ে বড় চমক জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। সঙ্গে আছেন তরুণ প্রজন্মের তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। তাছাড়াও অভিনয় করছেন—এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়া প্রমুখ।











































