Home আঞ্চলিক গ্রিনমেট্রিক র‍্যাঙ্কিংয়ে পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে খুবি

গ্রিনমেট্রিক র‍্যাঙ্কিংয়ে পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে খুবি

0

খুলনাঞ্চল রিপোর্ট।।


ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। ২৬৮৭.৫ স্কোর নিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে খুবির অবস্থান ১৭৮৭তম।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে দেশীয় র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৯ এবং আঞ্চলিক র‍্যাংকিংয়ে ১১১০। অবকাঠামো ও পরিবেশ সূচকে পেয়েছে ৪৫০ পয়েন্ট। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে ৪৫৫, বর্জ্য ব্যবস্থাপনায় ৩০০ এবং পানি ব্যবস্থাপনায় ১৪৫ পয়েন্ট পেয়েছে। পরিবহন সূচকে ৮১২.৫, শিক্ষা ও গবেষণায় ৩৮৭.৫ এবং গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটালাইজেশনে ১৩৭.৫ পয়েন্ট পেয়েছে।

২৪ সেপ্টেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে এ বছরের র‍্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করা হয়। আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউআই গ্রিনমেট্রিকের ১৭তম আসরে ১১০টি দেশের ২ হাজার ১৬টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এটি ইউআই গ্রিনমেট্রিকের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন।


ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া ২০১০ সাল থেকে ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে।

বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সবুজ ক্যাম্পাস ও টেকসই উন্নয়নের নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়ন করাই এই র‍্যাংকিংয়ের অন্যতম লক্ষ্য। এবারের মূল্যায়নে সাতটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে। এগুলো হলো- অবকাঠামো ও পরিবেশ, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পরিবহন, শিক্ষা ও গবেষণা এবং শাসনব্যবস্থা ও ডিজিটালায়ন।

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগিয়ে পরিবেশের সুরক্ষার পাশাপাশি বছরজুড়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলমান ছিলো। স্টেট শাখার তথ্যমতে, বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ে আম, জাম, লিচু, চিয়াংমাই আম, সুপারি, তাল, নিম, শিরিষ, সুন্দরী, সোনালু, হিজল, উইপিং দেবদারু, কাঞ্চন, স্নোবল, বকুল, কেসিয়া জাবানিকা, এরিকা পাম ট্রি, পাম ট্রি, পুজা ঝাউ, নাকাচূড়া, চায়না টগর, কামিনী, পারুল, মৌচন্ডা, সিজিয়াম, পান্থপথো, গোলপাতা চারা, বাঁশপাতা, ফুরুশলাল. বাগান বিলাস, গন্ধরাজ, আঙ্গুর, পেঁপে, পাতা বাহার, জবা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, সোনালু, জারুল, হিজল ও বরুণসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রায় বিশ হাজার বৃক্ষ লাগানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮২৭২.৫ স্কোর নিয়ে দেশের প্রথম এবং বিশ্ব র‍্যাংকিংয়ে ১৯৭তম অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ৮২৫০ স্কোর নিয়ে দেশের দ্বিতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২০৪তম। ৭৩২২.৫ স্কোর নিয়ে দেশের তৃতীয় ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ব র‍্যাংকিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ৪১২তম। এরপর ৭০৪৫ স্কোর নিয়ে চতুর্থ ও বিশ্বে ৪৯২তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এছাড়াও ৬৪০৭.৫ স্কোর নিয়ে পঞ্চম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। বিশ্ব র‍্যাংকিংয়ে এর অবস্থান ৭১৩তম। ৪৩৪২.৫ স্কোর নিয়ে ষষ্ঠ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্বে এর অবস্থান ১৩৯৪তম। ৩৮০০ স্কোর নিয়ে সপ্তম স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৫৩৩তম। ৩৬৪৫ স্কোর নিয়ে অষ্টম উত্তরা ইউনিভার্সিটি। বিশ্বে এর অবস্থান ১৫৭৮তম। আর ২৬৮৭.৫ স্কোর নিয়ে দেশের নবম খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৭৮৭তম।

আন্তর্জাতিক এই অর্জনে অনুভূতি প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালগুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করা অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিশ্রম এবং পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারের ফল। পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি টেকসই ও আধুনিক শিক্ষা পরিবেশ গঠনে খুলনা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে।’