বিনোদন ডেস্ক।।
বয়স ৪০ পেরিয়েছে। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি দক্ষিণী তারকা শ্রুতি হাসান।
ব্যক্তিগত জীবন থেকে অভিনয়, সব বিষয়েই নিজের মতামত স্পষ্টভাবে জানাতে পছন্দ করেন তিনি। এবার বিয়ে নিয়েও নিজের ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী।
সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে নানা বিষয়ে কথা বলেন শ্রুতি। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের কথাও।
অভিনেত্রীর কাছে বিয়ে কেবল কাগজে-কলমে কোনো সম্পর্ক নয়, বরং দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিকতার চেয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্মানকেই বেশি গুরুত্ব দেন তিনি।
শ্রুতি হাসান বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে। ’

অতীতে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রুতি। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। তবে বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই অভিজ্ঞতা বিয়ে নিয়ে তার মনে কোনো ভীতি তৈরি করেনি। বরং বিয়ের আয়োজন নিয়ে বেশ ভিন্ন ধরনের ভাবনা রয়েছে শ্রুতির।
তিনি মনে করেন, বিয়েতে বিপুল অর্থ খরচ না করে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যেতে পারে।
অভিনেত্রীর কথায়, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সব সময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’
মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি জানান, মাতৃত্বের বিষয়টি তার ভালো লাগে। তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছাতেই মা হতে চান তিনি।
অভিনয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রুতি। বর্তমানে তার হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল সিনেমা ‘ট্রেন’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলছে।











































